নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা; আগামী ১লা নভেম্বর সকাল ১০টায় শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন শুভেন্দু। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর ঠাকুরবাড়িতে আসার কথা জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর। আর তাঁর এই ঘোষণার পর থেকেই সম্মেলনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
ছাব্বিশের নির্বাচনে মতুয়াদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তার কিছু পূর্ণ হয়েছে। মতুয়াদের সমস্যার মধ্যে অন্যতম নাগরিকত্ব তথা সিএএতে আবেদন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার সিএএ আবেদন যাচাইয়ের দায়ভার দিয়ে দিয়েছে জেলাশাসকদের হাতে। এতে দ্রুত আবেদনের নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে। এর আগে পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জানিয়েছিলেন, “সিএএ সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।”
এদিকে অনেকের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে। অনেকের নাম ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। এই আবহেই আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলত তাঁর এই সফর ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে মতুয়া সমাজের মধ্যে। পাশাপাশি রাজনৈতিক মহলের একটা বড় অংশেরও আলোচনার বিষয় হয়ে উঠেছে এটি। এবারে সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সম্প্রদায়ের বিভিন্ন দাবী ও প্রত্যাশা নিয়ে কোনও বক্তব্য রাখেন কি না, এখন সেদিকেই নজর রয়েছে প্রায় সকলের।

No comments:
Post a Comment