নিজস্ব সংবাদদাতা, নদিয়া: ইচ্ছা থাকলেও দুর্গা পুজো করায় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সঙ্কট। তবে এবারে সেই বাধা পেরিয়ে আয়োজন করা হচ্ছে দুর্গাপুজো। সৌজন্যে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণার টাকা জমিয়ে দুর্গাপুজোয় মেতে উঠছে বাগদিয়া বাজারপাড়া। অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে সকল মহিলারা একত্রিত হয়ে শুরু করছেন দুর্গাপুজো। খুশি আট থেকে আশি সকলেই। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাঁরা।
নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগদিয়া বাজারপাড়া এলাকা। মূলত এখানে মনসা পূজো ধুমধাম করে পালিত হয়। প্রচুর টাকা ব্যয় হয়ে যাওয়ার কারণে দুর্গা পুজো করা আর সম্ভব হতো না তাঁদের পক্ষে। তবে এখন সময় বদলেছে। রাজ্যে পালা বদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকার জায়গায় অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। আর এই টাকা দিয়েই এবার প্রথম হতে চলেছে দুর্গা পুজো।
উদ্যোক্তাদের বক্তব্য, পুজো অন্যপাড়ায় দেখতে যাওয়া আর নিজেরা পুজো করার আনন্দটাই আলাদা। মূলত সেই দিকে মাথায় রেখেই গ্রামের সকল মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন অন্নপূর্ণা যোজনার টাকা নিজের পরিবারের পিছনে খরচ না করে সম্পূর্ণটা পুজোর কাজে লাগাবেন। সকলের মিলিত সিদ্ধান্তে প্রথম দুর্গা পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মা মনসা সংঘ নারী শক্তির পরিচালনায় হচ্ছে এই দুর্গাপুজো। গ্রামের সকল মহিলারা একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভকামনা জানিয়েছে। শুধু এ বছর নয়, এই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েই তাঁরা প্রতিবছর দুর্গাপুজো চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

No comments:
Post a Comment