কলকাতা: রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলোকে 'ফেস্টিভ প্যাকেজ' উপহার রাজ্যের। নির্দিষ্ট কিছু দ্রব্যের ওপর মিলবে ৫০ শতাংশ ছাড়। শুক্রবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার। এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর ঘোষণা, “অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর ওপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় রয়েছে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা ও ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। সেগুলি মিলবে বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে। খাদ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সত্ত্বেও এই উৎসব প্যাকেজের জন্য রাজ্য সরকার প্রায় ১১৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করছে। আর এটা অতীতের যে-কোনও সময়ের তুলনায় বহুগুণ বেশি।
প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা ছিল সরকারের। তবে, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সামগ্রীগুলো এ বছর ৫০ শতাংশ ছাড় বা অর্ধেক দামে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আর্থিক স্থায়িত্ব বজায় থাকলে আগামী বছর থেকে উৎসবের সময় পণ্যগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
ঈদে বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে আলাদা কোনও বিশেষ প্যাকেজ থাকবে? এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, “আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।”

No comments:
Post a Comment