নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: স্কুলকেই ঘর-বাড়ি বানিয়ে বসবাস প্রধান শিক্ষকের! তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তুলে রাতের বেলাতেই তুমুল বিক্ষোভ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার।
স্কুল ভবনের দোতলার একটি কক্ষে খাটের উপর বিছানা পেতে বসে আছেন প্রধান শিক্ষক। বিছানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাতাপত্র, বালিশ ও রান্নার সরঞ্জাম। সেই কক্ষেই রাতের বেলা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও এলাকার বাসিন্দারা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ঝাঁকরা হাইস্কুলের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের একটি ঘরকে নিজের বাড়ি বানিয়ে সেখানেই থাকছেন প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল। স্কুল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর নিজের বাড়ি, তবুও তিনি বেশ কয়েক বছর ধরে স্কুলের দোতলার একটি ঘরে স্থায়ীভাবে বসবাস করছেন।
শুধু স্কুলে থাকাই নয়, তাঁর বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। কেন প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের মতো স্কুলের পর বাড়ি চলে যাবেন না? তা নিয়েই তুমুল বিক্ষোভ শুরু হয় রবিবার রাতে। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।
এলাকাবাসীর দাবী, ঘটনার সঠিক তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল বলেন, স্কুলের স্বার্থে স্কুল রক্ষণাবেক্ষণের জন্যই তিনি স্কুলে থাকেন। তার আগেও যারা প্রধান শিক্ষক ছিলেন তারা স্কুলেই থাকতেন এইভাবে। আরও জানা যায়, এই স্কুলে কোনও হোস্টেল নেই শুধুমাত্র প্রধান শিক্ষক একাই দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলেই থাকছেন।

No comments:
Post a Comment