নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: জম্মু-কাশ্মীর ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার। প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক মহিলা পর্যটক। মৃতার নাম যমুনা ঠাকুর, বয়স ৪৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি পটাশপুর থানার বহড়দা এলাকায়। তাঁর স্বামীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। শনিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের রামবান জেলার মারুগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রশাসনিক সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের জাহালদা থেকে একটি বাসে করে ৬৫ জন যাত্রী জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।ভ্রমণার্থীদের অধিকাংশই ছিলেন এগরা মহকুমা এলাকার বাসিন্দা। ফেরার পথে গত শনিবার ভোররাত তিনটে নাগাদ জম্মুর রামবানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি পাথরে সজোরে ধাক্কা মারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রেক ফেল করার কারণেই দুর্ঘটনাটি ঘটে। বাসের প্রায় সব যাত্রীই কমবেশি জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যমুনা ঠাকুরকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে ছুটে যায় পুলিশ ও সিআরপিএফ-এর ক্যুইক রিঅ্যাকশন টিম। দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে কেলা মোড়ের কাছে উদ্ধারকারী গাড়িটিও উল্টে যায়। ওই ঘটনায় ছয় পুলিশকর্মী এবং তিন সিআরপিএফ জওয়ান আহত হন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পটাশপুরে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যমুনা ঠাকুর পটাশপুর থানার বহড়দা এলাকার বাসিন্দা। পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন তিনি। আনন্দের ভ্রমণ যে এভাবে মর্মান্তিক পরিণতিতে বদলে যাবে, তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা।
দুর্ঘটনার খবর পেয়ে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শোকপ্রকাশ করেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও রামবানের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার ও চিকিৎসা পরিস্থিতির খোঁজ নেন।
রবিবার নিহতের বাড়িতে যান পটাশপুর ২ ব্লকের বিডিও, জয়েন্ট বিডিওসহ অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, সড়কপথে জম্মু থেকে দেহ রাজ্যে ফেরাতে ৪ দিন সময় লাগবে, ফলে পচনের ঝুঁকি থাকায় পরিবারের সম্মতিতে জম্মুতেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

No comments:
Post a Comment