অনুব্রত মণ্ডলের সামনেই কার্যালয়ে হামলা! 'পরিকল্পিত নাটক’, বললেন শমীক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 1, 2026

অনুব্রত মণ্ডলের সামনেই কার্যালয়ে হামলা! 'পরিকল্পিত নাটক’, বললেন শমীক


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: অনুব্রত মণ্ডলের সামনে অফিসে ঢুকে তাণ্ডব, এই বিষয়ে চরম কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, এটা পরিকল্পিত নাটক ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার বারাসতে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টকে একযোগে তীব্র আক্রমণ শানান। বুধবার রাতে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সামনেই হামলার ঘটনা থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন শমীক ভট্টাচার্য।


বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন, "অনুব্রত মণ্ডলের বাড়িতে যে হামলা হতে পারে এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করছে না বা করেও না। কারণ অনুব্রত মণ্ডল চিরকালই হামলাকারী ছিলেন। ‌ নিজের শব্দবন্ধের কারণে তিনি কার্যত তৃণমূলের পোস্টার বয় বা তৃণমূলের মডেল হয়ে উঠেছেন। এখন গতকালকে যে ঘটনা আমি টিভির পর্দায় দেখলাম, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হচ্ছে।"


তাঁর কথায়, “এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত নাটক এবং অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। কয়েকজন লোক ভেতরে ঢুকল এবং বেরিয়ে যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গেল। গোটাটাই সাজানো এবং ভীষণ দুর্বল এক চিত্রনাট্য। সবটাই পরিকল্পিত নাটক।”


মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ও শক্তি নিয়ে কটাক্ষ করে শমীকের মন্তব্য, “যেকোনও বিষয়ে আপত্তি বা সম্মতি জানাতে গেলে একটি নির্দিষ্ট সংখ্যক আসন থাকা প্রয়োজন, যা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই।” 


আসন্ন উপনির্বাচনী লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপি সভাপতি। তিনি বলেন, "সিপিএম আর কোনও নীতি সিদ্ধান্ত অবশিষ্ট রাখেনি আর তৃণমূল কংগ্রেসের তো কোনোদিন কোনো রাজনৈতিক মতাদর্শই ছিল না। কংগ্রেস-সিপিএম সমঝোতা হয়েছে এবার তৃণমূল-সিপিএম হবে। আমরা তো চাই পশ্চিমবঙ্গে কংগ্রেস মৃত তৃণমূল বা সিপিএম এরা সবাই মিলে নির্বাচন লড়ুন। ফলাফলটা বেরোতে দিন দু জায়গাতেই বিজেপি জিতবে।"


আত্মবিশ্বাসের সুরে তিনি দাবী করেন, রেজিনগরের ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারদের সমর্থন নিয়ে যেমন বিজেপি জয়লাভ করবে, ঠিক তেমনই নন্দীগ্রামেও বিজেপির বিজয় নিশ্চিত। তিনি বলেন, 'নন্দীগ্রামের মার্জিন চারগুণ হবে। আর ৭০ শতাংশ যিনি বলেছিলেন সংখ্যালঘু আছেন, আমাদের রেজিনগরে ৭০ শতাংশ সংখ্যালঘুদের নিয়েই আমরা নির্বাচন করছি। ওখানেও বিজেপি প্রার্থী নির্বাচন জিতবে।'


উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, দিলীপ সিং ও ড. রাজেশ কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment

Post Top Ad