মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তোলাবাজি, কোটি কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার বিজেপি নেতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 16, 2026

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তোলাবাজি, কোটি কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার বিজেপি নেতা


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যে পালাবদলের পর মাত্র ছ’মাস কেটেছে। এরই মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের ওই গুণধর বিজেপি নেতার নাম অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার ১ নং মণ্ডল কমিটির সহ সভাপতি। শনিবার তাঁকে গ্ৰেফতার করা হয়। রবিবার তাঁকে সিজেএম আদালতে পেশ করা হলে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 


জানা গিয়েছে, প্রতারিতরা বিজেপি নেতাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এহেন কাহিনী পৌঁছে দেওয়ার পর তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশ সুপারের কাছে নির্দেশ পৌঁছয়। তারপর শীর্ষ নেতৃত্বের নির্দেশে নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক ১১ নভেম্বর অভিজিতের বিরুদ্ধে নন্দকুমার থানায় এফআইআর করেন। রিপুঞ্জয়কে বিধানসভায় প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে অভিজিৎ ১২ লক্ষ টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ। 


শনিবার অভিজিৎ করণকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তদন্তকারী অফিসার সন্তু সাঙ্কি তাঁকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করেন। বিচারক ধৃতকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। অভিযোগকারী বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক বলেন, 'শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি চাকরিতে মেধা একমাত্র মাপকাঠি হিসেবে ধার্য হয়েছে। অথচ, তাঁর নাম ভাঙিয়ে আমাদের ওই গুণধর নেতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। আমাকে বিধানসভা ভোট প্রার্থী করানোর লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী থেকে সর্বভারতীয় নেতৃত্ব সুনীল বনশলের সঙ্গে সাক্ষাত করিয়েছেন। তারপর কলকাতার হোটেলে ১২ লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা এখনও ফেরত পাইনি। একইভাবে ধাপ্পা দিয়ে আরেক নেতার কাছ থেকে ছ’লক্ষ টাকা নিয়েছেন।'


জানা গিয়েছে, নন্দকুমারের চকশিমুলিয়া গ্রামের ওই বিজেপি নেতার দিল্লীতে বিজেপির দফতরে যাতায়াত ছিল। ধাপ্পা দিয়ে তাঁর বিরুদ্ধে টাকা তোলার পুরনো অভিযোগ ছিলই। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হল, একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। গত বিধানসভা ভোটে খঞ্চির এক বিজেপি নেতাকে প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে ছয় লক্ষ টাকা আদায় করেছেন বলে অভিযোগ। এছাড়া, অভিযোগকারীর কাছ থেকেও একই টোপ দিয়ে ১২ লক্ষ টাকা আদায় করার অভিযোগ রয়েছে। পাশাপাশি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর চাকরি দেওয়ার নামে এবং ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলায় প্রায় ছ’কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। 


সম্প্রতি উত্তরবঙ্গের অনেকে টাকা দিয়েও প্রতারিত হওয়ার পর স্থানীয় বিধায়ক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়। তিনি সব শুনে চমকে যান। তারপরই অভিযুক্ত মণ্ডল কমিটির সহ সভাপতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ পাঠান। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা রিপুঞ্জয়বাবু এনিয়ে থানায় এফআ‌ইআর করেন। শনিবার বিকালে মুখ্যমন্ত্রী কাঁথি বাড়ি থেকে কলকাতা যাওয়ার পথে নন্দকুমারে দাঁড়িয়েছিলেন সেখানকার ওসি দিলীপকুমার গুপ্তা। মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে অভিজিতের বিষয়ে খবর নেন। ওসি জানান, বিকাল ৩ টা ৩০ মিনিটে গ্রেফতার হয়েছেন। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আপাতত এই গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নন্দকুমারে।


অন্যদিকে, রবিবার আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ধৃত অভিজিৎ করণ বলেন, আমি বিজেপির মণ্ডল কমিটির সহ সভাপতি রয়েছি। আমাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। ছ’কোটি টাকা তোলাবাজির অভিযোগ একদম ঠিক নয়।’

No comments:

Post a Comment

Post Top Ad