'পেট্রাপোল স্থল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা', দাবী বিজেপি বিধায়কের! দেশে ফিরতে সীমান্ত পরিদর্শনে আওয়ামীলীগের প্রতিনিধি দল পেট্রাপোলে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, November 22, 2026

'পেট্রাপোল স্থল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা', দাবী বিজেপি বিধায়কের! দেশে ফিরতে সীমান্ত পরিদর্শনে আওয়ামীলীগের প্রতিনিধি দল পেট্রাপোলে


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ডিসেম্বর যত এগিয়ে আসছে ততই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার সম্ভাবনাও প্রবল হয়ে উঠছে। সেক্ষেত্রে পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত যেতে পারেন বলে জল্পনা চলছে। এমন এক জল্পনার মধ্যে হাসিনার বাংলাদেশের ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে রবিবার, উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থল সীমান্ত পরিদর্শনে আসেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। সূত্রে খবর, আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাসিম সহ তিনজনের একটি প্রতিনিধি দল খুব গোপনে সীমান্ত পরিদর্শন করেন। আদৌও এই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে পারবেন কিনা মূলত সেই বিষয়টি খতিয়ে দেখেন তারা।  


এ ব্যাপারে যদিও স্থলবন্দর কর্তৃপক্ষ, বিএসএফ বা স্থানীয় পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি। তবে, এনিয়ে স্থানীয় বিজেপি বিধায়কের একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আরো জল্পনা ছড়িয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বলেছেন, 'আপনারা দেখতে থাকুন, এই পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারে। সেদিন খুব বেশি দূরে নেই।' আওয়ামী লীগের প্রতিনিধি দলের পেট্রাপোল স্থল সীমান্ত পরিদর্শন নিয়ে বিজেপি বিধায়ক বলেন, 'আমি শুনেছি যে, তারা সীমান্ত পরিদর্শন করবে। তবে এটা আরও আগে করা উচিৎ ছিল।' 


এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে 'হিন্দু সুরক্ষা সমিতি'র পক্ষ থেকে জেলবন্দী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধের দাবীতে একটি প্রতিবাদ সভা শেষে এসব মন্তব্য করেন বনগাঁ দক্ষিণ আসনের বিজেপি বিধায়ক। এই সময় তিনি বলেন, 'বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূসের সরকার যে ভাবে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে (শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ) ফেলে দিয়ে হাসিনাকে বিদেশে পালানোর জন্য বাধ্য করেছে, সারা পৃথিবীর বড় দেশগুলো তার পাশে দাঁড়িয়েছে। তারা শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে মাসে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদি সেটা হয় তবে শেখ হাসিনা এই সীমান্ত পথ দিয়ে যাবে এবং আরও বেশি সংখ্যায় মানুষ তার সাথে যুক্ত হবে।' 


বিজেপি বিধায়কের অভিমত, 'বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সহযোগিতার কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। কিন্তু আগামী দিনে এই বাংলাদেশের উপরে হামলার জন্য অনেক দেশ বসে রয়েছে। ভারত তখন পাশে দাঁড়াবে না। ফলে এমনিতেই পরাধীন হয়ে যাবে।' এসময় মজুমদারের হুঁশিয়ারি, '...তাছাড়া হিন্দুদের ওপরে আক্রমণ হলে ভারতও দীর্ঘদিন চুপ করে বসে থাকবে, সেটাও হতে পারে না। আগামী দিনে এই ধরনের সমস্যা দেখা দিলে ভারতও আক্রমণ করতে পারে।' 


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওই একই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী ও বনগাঁ উত্তর আসনের বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, 'আমার মনে হয় শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া উচিৎ। বাংলাদেশের জনগণকে রক্ষা করাটা তার একটা দায়িত্ব। যেভাবে অগণতান্ত্রিক উপায়ে তাঁকে হটিয়ে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তার প্রতিবাদ হওয়া উচিৎ। আমি বাংলাদেশের বাইরে অবস্থান করা গোটা বিশ্বের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলব আপনারা শেখ হাসিনাকে সমর্থন করুন। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রবেশ করবে, আপনারাও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করুন।'

No comments:

Post a Comment

Post Top Ad