আপাতত বিরোধী দলনেতা নন ঋতব্রত! ১০ দিনের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, November 27, 2026

আপাতত বিরোধী দলনেতা নন ঋতব্রত! ১০ দিনের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের

 


কলকাতা: বিরোধী দলনেতা মামলার রায় বড় রায় হাইকোর্টের। আপাতত বিধানসভার বিরোধী দলনেতা আর রইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলাটি খারিজ করে স্পিকারের কোর্টে বল ঠেলল। খারিজ করে দেওয়া হল স্পিকারের আগের নির্দেশ। পুনরায় স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে ১০ দিনের মধ্যে। এখন এই সময় শুধু বিধানসভার স্পিকারের হাতেই। আর এই ১০ দিন কেউ রাজ্যের বিরোধী দলনেতা থাকবেন না। আপাতত এই পদ শুন্যই। আর হাইকোর্টের এই রায় সামনে আসতেই নাম না করে ঋতব্রতর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। 


এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, বিরোধী দলনেতা কে হবেন, আগামী ১০ দিনের মধ্যে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে স্পিকার রথীন্দ্রনাথ বসুকে। এই সময়ের মধ্যে কেউ 'বিরোধী দলনেতা'র পদে নেই। ৭ ডিসেম্বরের মধ্যে বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে, এই পদে কে বসবেন- মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় নাকি গণতান্ত্রিক তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা হিসেবে থাকবেন।


এই প্রসঙ্গে মমতা তৃণমূলের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানান, "ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন অস্থায়ীভাবে দু'মাসের জন্য বিরোধী দলনেতার পদে বসেছিলেন। তারপর থেকে তিনি বিরোধী দলনেতা সেজে ঘুরে বেরিয়েছেন। আজ আদালতের রায়ে সেই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেলেন। বিরোধী দলনেতা কে হবেন, তা ১০ দিনের মধ্যে স্পিকার ঠিক করবেন। ততদিন পর্যন্ত এই পদ ফাঁকা থাকবে।”


এদিন হাইকোর্টের এই নির্দেশে ঋতব্রত শিবির যে রীতিমতো ধাক্কা খেল, একথা বলা যেতেই পারে। অপরদিকে কিছুটা হলেও পালে হাওয়া পেল মমতা শিবির। এদিন আদালতের রায় সামনে আসতেই সমাজমাধ্যমে কুণালের কটাক্ষ ভরা পোস্ট। বেলেঘাটার বিধায়কের পোস্টে লেখা, 'কী রে চাটন- বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।' যদিও ওই পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই যে কুণালের এই খোঁচা, সে কথাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। 



উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে খান-খান। এর পর থেকেই বিরোধী দলনেতার পদ নিয়ে টানাটানি হয়েছে বেশ কয়েকমাস ধরে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলের তরফে তাঁকেই বিরোধী দলনেতা করা হয় এবং স্পিকার রথীন্দ্রনাথ বসুও তাঁকেই স্বীকৃতি দেন। কিন্তু এর বিরোধিতায় নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবী করে প্রথমে স্পিকার ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। ঋতব্রত-সহ বেশ কয়েকজন বিধায়ক দলত্যাগ আইন মেনে দলবদল করেননি বলে অভিযোগ তুলে ওই মামলা করেন দলের বর্ষীয়ান নেতা শোভনদেব। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হাইকোর্ট আগেও বল ঠেলেছিল স্পিকারের কোর্টে। কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়ে স্পিকার জানিয়ে দেন, ঋতব্রতকে বিরোধী দলনেতার পদ থেকে সরাতে শোভনদেবের আবেদনের পদ্ধতি সঠিক ছিল না। নতুন করে আবেদনের নির্দেশ ছিল। 


এরপর আবার স্পিকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মমতা তৃণমূল। শুক্রবার সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাও সাফ জানান, শোভনদেবের মামলা খারিজ করে দেওয়া হল। অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকার সেই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বিধানসভার বিরোধী দলনেতা পদে কেউ থাকছেন না। স্পিকার এখন কী সিদ্ধান্ত নেবেন, সেদিকেই তাকিয়ে সকলে।

No comments:

Post a Comment

Post Top Ad