শীতের ফুলকপি দিয়ে বানান মুচমুচে কচুরি, রইল সহজ পদ্ধতি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, November 19, 2026

শীতের ফুলকপি দিয়ে বানান মুচমুচে কচুরি, রইল সহজ পদ্ধতি


বিনোদন ডেস্ক, ১৯ নভেম্বর ২০২৬: শীতকাল মানেই বাজারে টাটকা ফুলকপির সমাহার। ফুলকপি দিয়ে নানা ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায়। তবে ফুলকপির কচুরির স্বাদই একেবারে আলাদা। মুচমুচে কচুরির ভিতরে মশলাদার ফুলকপির পুর, সঙ্গে আলুর তরকারি কিংবা টমেটোর চাটনি—জমে যাবে সকালের জলখাবার। বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই ফুলকপির কচুরি। রইল সহজ রেসিপি।


উপকরণ:-----

পুর তৈরির জন্য:-

*ছোট ফুলকপি – ১টি (শুধুমাত্র ফুলের অংশ)

* সরষের তেল – ২-৩ টেবিল চামচ

* কালোজিরে – সামান্য

* হিং – এক চিমটি

* আদা ও কাঁচালঙ্কা বাটা – ১-২ চা চামচ

* হলুদ গুঁড়ো – ১ চা চামচ

* লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

* জিরে গুঁড়ো – ১ চা চামচ

* ধনে গুঁড়ো – ১ চা চামচ

* নুন – স্বাদমতো

* চিনি – স্বাদমতো

* ছাতুর গুঁড়ো অথবা বেসন – ২ চা চামচ


কচুরির ময়দা মাখার জন্য:-

* ময়দা – প্রয়োজনমতো

* তেল – প্রয়োজনমতো

* নুন – স্বাদমতো

* জল – প্রয়োজনমতো


ভাজার জন্য:-

*সাদা তেল – পরিমাণমতো 



প্রণালী:-

পুর তৈরির পদ্ধতি:

প্রথমে একটি ছোট ফুলকপির ফুলের অংশটুকু গ্রেট করে নিন। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে কালোজিরে, হিং এবং আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিন। এরপর গ্রেট করা ফুলকপি দিয়ে দিন।


এবার এক চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না ফুলকপির কাঁচা গন্ধ চলে যায়। সবশেষে ২ চা চামচ ছাতুর গুঁড়ো অথবা বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পুরটি সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন।


কচুরি তৈরির পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে ময়দা, তেল ও নুন মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে মাঝারি নরম ময়দা মেখে নিন। প্রায় ৫ মিনিট ভালোভাবে ঠেসে মেখে ময়দাটি ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।


এরপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচির মধ্যে ফুলকপির পুর ভরে মুখ ভালোভাবে বন্ধ করে দিন। এবার আলতো হাতে বেলে কচুরির আকার দিন। কড়াইয়ে তেল গরম করে কচুরিগুলি সোনালি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ফুলকপির কচুরি।


শীতের সকালের জলখাবারে এই ফুলকপির কচুরি এনে দিতে পারে ভিন্ন স্বাদের আমেজ। মুচমুচে বাইরের স্তর আর মশলাদার ফুলকপির পুরের অপূর্ব মেলবন্ধনে এই পদটি ছোট-বড় সকলেরই মন জয় করবে। তাই শীতের মরশুমে বাড়িতেই সহজ উপকরণে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ফুলকপির কচুরি।

No comments:

Post a Comment

Post Top Ad