সন্তানকে আত্মনির্ভর করে তুলতে চান? ছোটবেলা থেকেই গড়ে তুলুন এই ৮ অভ্যাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, November 28, 2026

সন্তানকে আত্মনির্ভর করে তুলতে চান? ছোটবেলা থেকেই গড়ে তুলুন এই ৮ অভ্যাস

 


লাইফস্টাইল ডেস্ক, ২৮ নভেম্বর ২০২৬: প্রত্যেক বাবা-মাই চান, তাঁদের সন্তান আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং জীবনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয়ে উঠুক। তবে অনেক সময় অতিরিক্ত সাহায্য করা বা সন্তানের প্রতিটি সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার অভ্যাস তাদের স্বনির্ভর হয়ে ওঠার পথে বাধা সৃষ্টি করে। অভিভাবকদের বুঝতে হবে, আত্মনির্ভরতা একদিনে তৈরি হয় না বরং ছোট ছোট অভ্যাস এবং সঠিক লালন-পালনের মাধ্যমে ধীরে ধীরে এই গুণ গড়ে ওঠে। জেনে নেওয়া যাক, এমন কিছু অভ্যাস সম্পর্কে, যা শিশুদের স্বনির্ভর করে তুলতে সাহায্য করতে পারে। যেমন -


১- বয়স অনুযায়ী দায়িত্ব দিন: শিশুদের বয়স ও সামর্থ্য অনুযায়ী ছোট ছোট কাজের দায়িত্ব দিন। যেমন, নিজের স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা, খেলনা নির্দিষ্ট জায়গায় রাখা কিংবা জলের বোতল ভরে রাখা। এর ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস তৈরি হয়।


২- প্রতিটি সমস্যার সমাধান নিজে করে দেবেন না: কোনও সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তার সমাধান করে দেওয়ার পরিবর্তে শিশুকে নিজে চিন্তাভাবনা করতে এবং সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করুন। এতে তার সিদ্ধান্ত নেওয়ার এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে।


৩- ভুল করার সুযোগ দিন: ভুল করা শেখার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনও কাজে শিশু ব্যর্থ হলে তাকে বকাঝকা না করে বোঝান, ভুল থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। এতে তার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে।


৪- নিজে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন: ছোট ছোট বিষয়ে শিশুকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে দিন। যেমন, কোন বই পড়বে, কোন পোশাক পরবে কিংবা কোন খেলা খেলবে। এর ফলে তার আত্মবিশ্বাস বাড়বে এবং স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা তৈরি হবে।


৫- চেষ্টার প্রশংসা করুন: শুধু ভালো নম্বর পাওয়া বা সাফল্যের জন্য শিশুর প্রশংসা করলেই হবে না বরং তার পরিশ্রম, নিষ্ঠা এবং বারবার চেষ্টা করার মানসিকতারও প্রশংসা করুন। এতে সে আরও উৎসাহ পাবে।


৬- প্রতিদিনের প্রয়োজনীয় কাজ শেখান: নিজের জুতোর ফিতে বাঁধা, স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা, ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কিংবা বাড়ির সাধারণ কাজ শেখান। এই ছোট ছোট দক্ষতাগুলি ভবিষ্যতে শিশুকে আরও স্বনির্ভর করে তুলবে।


৭- খোলাখুলি কথা বলার পরিবেশ তৈরি করুন: বাড়িতে এমন পরিবেশ গড়ে তুলুন, যেখানে শিশু কোনও ভয় ছাড়াই নিজের মনের কথা বলতে পারে। তার মতামতকে গুরুত্ব দিলে আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি নিজের সিদ্ধান্তের উপর আস্থা রাখতেও শিখবে।


৮- ধৈর্য ধরুন, অতিরিক্ত হস্তক্ষেপ করবেন না: শিশুর প্রতিটি কাজ নিজে করে দিলে সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। তাই তাকে সময় দিন, নিজের মতো করে চেষ্টা করতে দিন। প্রয়োজন হলেই তাকে সঠিক পথ দেখান।

No comments:

Post a Comment

Post Top Ad