লাইফস্টাইল ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: বিভিন্ন ধরণের গর্ভনিরোধক পদ্ধতির মধ্যে হরমোনাল কনট্রাসেপশন বা হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চিকিৎসকেরা প্রায়ই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তবে এই পদ্ধতি বেছে নেওয়ার আগে এর উপকারিতা, সম্ভাব্য ঝুঁকি এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। এমনটাই মনে করেন মুম্বইয়ের সাইফি হাসপাতালের পরামর্শদাতা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নিধি শর্মা চৌহান।
তিনি এইচটি লাইফস্টাইল-কে জানান, “জন্মনিয়ন্ত্রণের কোনও পদ্ধতি শুরু করার আগে মহিলাদের জেনে নেওয়া উচিৎ, সেটি তাঁদের শরীরের জন্য নিরাপদ কি না এবং কোন কোন সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে চিকিৎসককে জানানো প্রয়োজন।” এই বিষয়ে তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরামর্শ নিতে কোনও মহিলা যখন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান, তখন বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছেন ডাঃ চৌহান। সেগুলি হল—
* মহিলার বয়স।
* তাঁর সন্তান রয়েছে কি না।
* বর্তমানে তাঁর শারীরিক স্বাস্থ্য কেমন।
* আগে থেকে কোনও শারীরিক সমস্যা বা রোগ রয়েছে কি না।
* রক্তক্ষরণজনিত সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা কিংবা নির্দিষ্ট ধরনের ক্যানসারের পারিবারিক বা ব্যক্তিগত ইতিহাস রয়েছে কি না।
এই সমস্ত তথ্য জানার পরেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ সংশ্লিষ্ট মহিলার জন্য উপযুক্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার পরামর্শ দিতে পারেন।
সঠিক হরমোনাল কনট্রাসেপটিভ পিল বেছে নেওয়া-
স্ত্রীরোগ বিশেষজ্ঞের কথায়, “হরমোনাল কনট্রাসেপটিভ বিভিন্ন ধরণের হয়ে থাকে।” তিনি জানান, কিছু পিলে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন—দুই ধরণের হরমোনই থাকে। এগুলিকে সাধারণত পিল বলা হয়। আবার কিছু পিলে শুধুমাত্র প্রোজেস্টেরন হরমোন থাকে।
ডাঃ চৌহানের মতে, কোন ধরণের পিল একজন মহিলার জন্য উপযুক্ত হবে, তা নির্ভর করে তাঁর শারীরিক ঝুঁকি এবং ব্যক্তিগত পছন্দের ওপর। তাই কোনও পদ্ধতি শুরু করার আগে এই বিকল্পগুলি সম্পর্কে চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা জরুরি।
বিশেষজ্ঞের কথায়, “হরমোনাল কনট্রাসেপটিভ প্রথমবার শরীরে প্রবেশ করার পর লিভারের মধ্য দিয়ে যায়। এর ফলে শরীরে হরমোনের মাত্রা এবং সামগ্রিক লিপিড প্রোফাইলে প্রভাব পড়তে পারে। সেই কারণে ওষুধ শুরু করার আগে চিকিৎসকেরা লিভার ফাংশন টেস্ট এবং লিপিড প্রোফাইল পরীক্ষা করাতে পারেন।” স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলেন, সাধারণত নির্দিষ্ট সময় অন্তর এই পরীক্ষাগুলি আবারও করানো হয়। যদি দেখা যায়, হরমোনাল কনট্রাসেপটিভ ব্যবহারের ফলে লিভারের কার্যকারিতায় কোনও প্রভাব পড়ছে, তাহলে চিকিৎসকেরা সেই ওষুধ বন্ধ করার পরামর্শ দিতে পারেন।
হরমোনাল কনট্রাসেপশন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাজনিত বিষয়-
ডাঃ চৌহান জানিয়েছেন, এমন কিছু শারীরিক সমস্যা রয়েছে, যেগুলির ক্ষেত্রে হরমোনাল কনট্রাসেপশন ব্যবহার নিরাপদ নাও হতে পারে। তাঁর কথায়, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও-র তরফে মেডিক্যাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া (এমইসি) নামে কিছু নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকায় মহিলাদের চারটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগ বা ক্যাটেগরি ১-এর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। অর্থাৎ, সংশ্লিষ্ট মহিলা নিরাপদে ওই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারেন। অন্যদিকে, ক্যাটেগরি ৪-এর ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি থাকায় সেই পদ্ধতি একেবারেই ব্যবহার করা উচিৎ নয়। লিভারের রোগ, নির্দিষ্ট কিছু রক্তক্ষরণজনিত সমস্যা কিংবা রক্ত জমাট বাঁধার সমস্যা এই বিভাগের অন্তর্ভুক্ত হতে পারে।”
হরমোনাল কনট্রাসেপশন ব্যবহারের পরিকল্পনা করার সময় মহিলাদের নিজেদের জীবনযাপন এবং ব্যক্তিগত পছন্দের বিষয়গুলিও স্ত্রীরোগ বিশেষজ্ঞকে জানানো উচিৎ বলে মনে করেন তিনি। ডাঃ চৌহানের কথায়, “কিছু মহিলার প্রতিদিন নির্দিষ্ট সময়ে পিল খাওয়া কঠিন মনে হতে পারে। আবার কারও কারও বমি বমি ভাব হতে পারে, যা কয়েকটি মাসিক চক্র পার হওয়ার পরেও কমে না। এমন পরিস্থিতিতে হরমোনাল ইনট্রাইউটেরাইন ডিভাইস (আইইউডি) অথবা নন-হরমোনাল ইনট্রাইউটেরাইন ডিভাইসের মতো বিকল্প পদ্ধতি তাঁদের জন্য বেশি উপযুক্ত হতে পারে।”
স্ত্রীরোগ বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কিছু মহিলার ক্ষেত্রে হরমোনাল কনট্রাসেপশন ব্যবহারের ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এই ধরণের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের পর কোন কোন সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার প্রয়োজন, সে সম্পর্কে মহিলাদের সচেতন থাকা জরুরি। সেই লক্ষণগুলি হল—
* বুকে ব্যথা।
* শ্বাস নিতে অসুবিধা হওয়া।
* পেটে ব্যথা।
* তীব্র মাথাব্যথা।
* চোখে ঝাপসা দেখা।
* পায়ে ব্যথাযুক্ত ফোলাভাব।
* পায়ের কাফ বা পিণ্ডলির অংশে লালচে ভাব।
ডাঃ চৌহানের কথায়, “এই লক্ষণগুলির মধ্যে কোনও একটি দেখা দিলে পিল খাওয়া বন্ধ করে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিতে হবে। চিকিৎসকের পরামর্শ না পাওয়া পর্যন্ত পরবর্তী ডোজ নেওয়া উচিৎ নয়। এরপর চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা করে বুঝতে পারবেন, কোনও গুরুতর সমস্যা তৈরি হয়েছে কি না।”
তিনি আরও উল্লেখ করেছেন, যেসব মহিলা গর্ভধারণ প্রতিরোধের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে পিল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও দিন পিল খেতে ভুলে গেলে গর্ভধারণ প্রতিরোধের সুরক্ষা কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে কী করা উচিৎ, তা জানতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। কারণ, মাসিক চক্রের কোন সপ্তাহে পিল খাওয়া বাদ পড়েছে, তার ওপর নির্ভর করে পরবর্তী করণীয়।

No comments:
Post a Comment