নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর! মদ্যপ চালকের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের দেরিতে আসা নিয়ে বিক্ষোভ। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার।
সকালে কাজে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি। দ্রুতগতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম বিশ্বজিৎ দাস, বয়স ৪৮ বছর। সোমবার সকালে গোবরডাঙা থানার অন্তর্গত জানাফুল এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাইকেল নিয়ে হাবড়ার দিকে কাজে যাচ্ছিলেন বিশ্বজিৎ দাস। রাস্তার একেবারে ধার দিয়ে যাওয়ার সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী এক মহিলার দাবী, একটি ম্যাজিক গাড়িকে ওভারটেক করতে গিয়েই লরিটি সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এরপর লরির চাকার তলায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই প্রত্যক্ষদর্শীর আরও অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর পুলিশের উপস্থিতি ছাড়াই লরিতে থাকা দুধের ক্যান নামানোর কাজও করা হয় বলে দাবী তাঁর।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েও পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ মৃতের পরিবারের। এর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর দেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিক্ষোভের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাবার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন তাঁর মেয়ে। তিনি বলেন, 'বাবা কাজে যাচ্ছিলেন। মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক পরিস্থিতিও ভালো নয়। মা অসুস্থ, আমাদের দুই বোনের পড়াশোনা ও সংসার কীভাবে চলবে!' অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবারের জন্য আর্থিক সাহায্যের দাবীও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এলাকায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে স্কুলের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবী, রাস্তার ব্যারিকেড ঠেলে সরিয়ে দ্রুতগতিতে গাড়ি চলাচল করছে। পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা ও পুলিশি নজরদারির অভাবেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। মদ্যপ অবস্থায় থাকা চালক কীভাবে গাড়ি নিয়ে রাস্তায় নামলেন, সেই প্রশ্নও তুলেছেন বাসিন্দারা। জনবহুল এলাকায় অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়েন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবী উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment