নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: গরুর গাড়ির ওপরেই তৈরি হয় দেবী মূর্তি! গাড়ির ওপরেই হয় পূজার্চনা। আবার পুজো শেষে সেই গরুর গাড়িতে করেই হয় বর্ণাঢ্য প্রতিমা নিরঞ্জন। ব্যতিক্রমী এই রীতি ঘিরেই মেদিনীপুর শহরের মানিকপুরে বাড়তি উন্মাদনা। মানিকপুর ভাতৃ সংঘের বিখ্যাত 'মোটা কালী' বা 'গদা কালী' পুজো। এবার ৫৯ তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পুজো।
গরুর গাড়ি সহ মূর্তিটির উচ্চতা প্রায় ২১ ফুট। মূর্তির মুখ, হাত, পা অন্যান্য সাধারণ কালী মূর্তির থেকে একেবারেই আলাদা। মূর্তিটি যেমন লম্বা, তেমনই মোটা-সোটা। সেই থেকেই ভক্তদের মুখে মুখে এর নাম হয়েছে 'মোটা কালী' বা 'গদা কালী'।
পুজো উদ্যোক্তারা জানান, ভাতৃ সংঘ আগে ছিল শরীরচর্চার ক্লাব। সদস্যরা নিয়মিত ব্যায়াম ও বডি বিল্ডিং করতেন। তাঁরাই পুজো শুরুর সময় মায়ের মূর্তিকে সুঠাম, পেশীবহুল করে গড়ে তোলেন। সেই ঐতিহ্য মেনেই আজও মূর্তির গঠন একই রকম রাখা হয়েছে। মূর্তিটি এতটাই বড় ও ভারী যে মণ্ডপে আনা এবং বিসর্জনের সময় ওঠানো-নামানো বিরাট সমস্যার। তাই শুরু থেকেই বুদ্ধি করে একটি গরুর গাড়ির ওপরেই মূর্তি তৈরি করা হয়।
পুজোর ক'দিন মানিকপুরের রাস্তার পাশেই এই গাড়ির ওপরেই পূজিত হন মা। পুজো শেষে আর আলাদা করে ট্রাকে তোলার ঝামেলা নেই - ওই গাড়িটি টেনেই নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য। পুজো ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে। আর এই পুজো নিয়ে উন্মাদনাও তুঙ্গে।

No comments:
Post a Comment