জলখাবারে মুখরোচক ভেজ ক্রিস্পি হানি চিলি নুডলস, নিমেষেই প্লেট হবে খালি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 11, 2026

জলখাবারে মুখরোচক ভেজ ক্রিস্পি হানি চিলি নুডলস, নিমেষেই প্লেট হবে খালি


বিনোদন ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: সন্ধ্যার জলখাবারে সিঙ্গারা কিংবা পকোড়া খেতে ইচ্ছে না করলে বানিয়ে ফেলতে পারেন মধুর স্বাদযুক্ত মুচমুচে নুডলস। খেতে যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও বেশ সহজ। মিষ্টি ও ঝাল স্বাদের দারুণ মেলবন্ধনে এই পদটি ছোট-বড় সকলেরই পছন্দ হবে। তাহলে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ক্রিস্পি হানি চিলি নুডলস।


ভেজ ক্রিস্পি হানি চিলি নুডলস তৈরির উপকরণ:-

* পেঁয়াজ – ১টি

* গাজর – ১টি

* ক্যাপসিকাম – ১টি

* বাঁধাকপি – আধ কাপ

* রসুন – ৬-৮ কোয়া

* আদা – ১ ইঞ্চি

* কাঁচালঙ্কা – ২টি

* নুডলস – ২০০ গ্রাম

* ভাজার জন্য তেল – পরিমাণমতো


হানি চিলি গ্রেভি তৈরির উপকরণ:

* তেল – ২ টেবিল চামচ

* রেড চিলি সস – ২ চা চামচ

* মধু – ১ টেবিল চামচ

* টম্যাটো কেচআপ – ২ টেবিল চামচ

* শেজ়ওয়ান সস – ২ টেবিল চামচ

* সয়া সস – ১ চা চামচ

* ভিনিগার – ১ চা চামচ

* নুন – স্বাদমতো

* গোলমরিচ গুঁড়ো – এক চিমটি

* কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ

* জল – ২-৩ টেবিল চামচ


ভেজ ক্রিস্পি হানি চিলি নুডলস তৈরির পদ্ধতি

প্রথম ধাপ: প্রথমে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি মিহি করে কেটে নিন। এরপর একটি চপার বা মিক্সারে রসুন, আদা ও কাঁচালঙ্কা দিয়ে মোটা করে কুচিয়ে নিন।


দ্বিতীয় ধাপ: এবার নুডলস ভেজে নিতে হবে। এর জন্য একটি গভীর কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে নুডলস দিয়ে বেশি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এক দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য দিকটিও সোনালি করে ভেজে নিন।


তৃতীয় ধাপ: এবার হানি চিলি সস তৈরির পালা। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কুচিয়ে রাখা আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে হালকা ভেজে নিন। এরপর সমস্ত কাটা সবজি দিয়ে বেশি আঁচে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করুন। এবার রেড চিলি সস, টম্যাটো কেচআপ, শেজ়ওয়ান সস, লাইট সয়া সস, ভিনিগার, নুন এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গ্রেভি তৈরি করার জন্য পরিমাণমতো জল দিন।


চতুর্থ ধাপ: একটি ছোট বাটিতে কর্নফ্লাওয়ার ও জল মিশিয়ে পাতলা গোলা তৈরি করুন। এবার সেই গোলা কড়াইয়ের গ্রেভিতে ঢেলে ভালোভাবে নাড়তে থাকুন। এতে গ্রেভি ঘন হয়ে আসবে। সবশেষে মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু হানি চিলি গ্রেভি।


পঞ্চম ধাপ: এবার একটি পরিবেশন পাত্রে আগে থেকে ভেজে রাখা মুচমুচে নুডলস সাজিয়ে নিন। উপর থেকে ঢেলে দিন তৈরি করা হানি চিলি গ্রেভি। দেরি না করে গরম গরম পরিবেশন করুন ভেজ ক্রিস্পি হানি চিলি নুডলস।


পরামর্শ: নুডলসের মুচমুচে ভাব বজায় রাখতে পরিবেশনের ঠিক আগেই তার উপর গ্রেভি ঢালুন।

No comments:

Post a Comment

Post Top Ad