বিনোদন ডেস্ক, ০৭ নভেম্বর ২০২৬: অনেক মানুষই খাবারের সঙ্গে একটু টক-ঝাল স্বাদ পছন্দ করেন। কেউ খাবারের সঙ্গে চাটনি খেতে ভালোবাসেন, আবার কারও পছন্দ আচার। আর এই আচারের তালিকায় লেবুর স্থান অন্যতম। কিন্তু লেবুর চাটনি কখনও খেয়েছেন? এই লেবুর চাটনির স্বাদ ও সুগন্ধ খাবারে এনে দেয় এক অন্যরকম আমেজ। ডাল-ভাত হোক কিংবা গরম গরম পরোটা, লেবুর চাটনি সব কিছুর সঙ্গেই বেশ মানানসই। স্বাদে অসাধারণ এই চাটনিতে রয়েছে ভিটামিন সি। পাশাপাশি লেবু হজমে সহায়ক হতে পারে। বাড়িতেই অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই পদ। ঝটপট তৈরি করা যায় এই চাটনি, আর এর টক-ঝাল স্বাদ মন জয় করবে সকলের। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন মজাদার লেবুর চাটনি।
উপকরণ
* লেবু – ৪টি
* কাঁচালঙ্কা – ৪ থেকে ৬টি (স্বাদ অনুযায়ী)
* রসুনের কোয়া – ৮-১০টি
* ধনেপাতা – ১ কাপ (কুচি করা)
* জিরে – ১ চা চামচ
* নুন – স্বাদ অনুযায়ী
* গোলমরিচ গুঁড়ো – আধা চা চামচ
তৈরির পদ্ধতি
প্রথমে লেবুগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিন। এরপর লেবুর বীজগুলি বের করে ফেলুন। এবার একটি মিক্সারের জারে কাঁচালঙ্কা, রসুন, কুচি করা ধনেপাতা, জিরে, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। এর উপর লেবুর টুকরোগুলি যোগ করুন। কোনও জল না দিয়ে অথবা সামান্য জল দিয়ে উপকরণগুলি মিক্সারে বেটে নিন। নিজের পছন্দ অনুযায়ী চাটনি মিহি কিংবা একটু দানাদার করে তৈরি করতে পারেন। চাটনি বেশি টক মনে হলে স্বাদ অনুযায়ী সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন।
ব্যস, তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি লেবুর চাটনি। এটি সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন। অথবা বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে ৪-৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ডাল-ভাত, পরোটা কিংবা বিভিন্ন মুখরোচক খাবারের সঙ্গে এই চাটনি পরিবেশন করলে খাবারের স্বাদ আরও বেড়ে যাবে।

No comments:
Post a Comment