বিনোদন ডেস্ক, ১৯ নভেম্বর ২০২৬: অনেক সময় এমন হয়, কোনও কাজের জন্য আমরা অন্য ঘরে বা রান্নাঘরে যাই। কিন্তু সেখানে পৌঁছনোর পর হঠাৎই মনে করতে পারি না, ঠিক কী কাজের জন্য এসেছিলাম। আপনার সঙ্গেও নিশ্চয়ই এমন ঘটনা কখনও না কখনও ঘটেছে। এমনও হয়, রান্নাঘরে কোনও কাজ করছিলেন, সেখান থেকে ঘরে এলেন, কিন্তু আসার পরই ভুলে গেলেন কী কাজ করছিলেন। সাধারণত আমরা এর জন্য মানসিক চাপ বা দুর্বল স্মৃতিশক্তিকে দায়ী করি। কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। বিজ্ঞানে এই অতি পরিচিত অভিজ্ঞতার পিছনে একটি মজার কারণের কথা বলা হয়েছে, যা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। আপনার সঙ্গেও যদি এমনটা ঘটে থাকে, তা হলে আজ জেনে নিন এর আসল কারণ।
হঠাৎ করে কাজের কথা ভুলে যাই কেন?
অনেক সময় জরুরি কোনও কাজের জন্য এক ঘর থেকে উঠে অন্য ঘরে যাই। কিন্তু সেখানে পৌঁছনোর পরই মাথা থেকে কাজের কথাটি বেরিয়ে যায়। কয়েক মুহূর্ত ধরে ভাবতে থাকি, কেন এখানে এসেছিলাম! কখনও জল খেতে রান্নাঘরে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, আবার কখনও কোনও জিনিস আনতে গিয়ে সেখানে পৌঁছে ভুলে যাই কী খুঁজতে এসেছিলাম। এই ঘটনার পিছনে রয়েছে ‘ডোরওয়ে এফেক্ট’।
কী এই ডোরওয়ে এফেক্ট?
‘ডোরওয়ে এফেক্ট’-এর কারণে আমরা অনেক সময় কোনও কাজ করতে যাওয়ার কথা হঠাৎ ভুলে যাই। সহজ ভাষায় বলতে গেলে, যখন আমরা এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করি, তখন আমাদের মস্তিষ্ক সেটিকে নতুন কোনও কাজ বা নতুন জায়গার সূচনা হিসেবে ধরে নেয়।
আসলে আমাদের মস্তিষ্ক প্রতিটি কাজকে আলাদা আলাদাভাবে মনে রাখে। যেমন—সকালের জলখাবার খাওয়া, অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়া কিংবা বাড়ির বাইরে বেরনো। এগুলি প্রতিটিই আলাদা কাজ। একইভাবে, যখন আমরা এক ঘর থেকে অন্য ঘরে যাই, তখন আমাদের মনোযোগ নতুন জায়গার দিকে চলে যায়। এই পরিবর্তনের সময় যে কাজটি করার জন্য আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, সেটিই অনেক সময় ভুলে যাই। তাই অন্য ঘরে পৌঁছনোর পর হঠাৎ মনে করতে পারি না, ঠিক কী কাজের জন্য সেখানে এসেছিলাম বা কী খুঁজতে চেয়েছিলাম।
গবেষণাতেও উঠে এসেছে এই তথ্য
এই বিষয়টি নিয়ে আমেরিকার ইউনিভার্সিটি অফ নটর ডেমের মনোবিজ্ঞানের অধ্যাপক গ্যাব্রিয়েল রাডভানস্কি এবং তাঁর গবেষক দল একটি সমীক্ষা করেছিলেন। সেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ঘরে গিয়ে কয়েকটি জিনিস মনে রাখার কাজ দেওয়া হয়েছিল। গবেষণায় দেখা যায়, এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় আগে দেখা জিনিসগুলি মনে রাখতে তাঁদের বেশ অসুবিধা হচ্ছিল। অন্যদিকে, একই ঘরের মধ্যে সমান দূরত্ব অতিক্রম করার সময় ভুলে যাওয়ার সমস্যা দেখা যায়নি।
গবেষণায় উঠে আসে, দরজা পেরিয়ে অন্য ঘরে প্রবেশ করা মস্তিষ্কের কাছে এক ধরনের মানসিক পরিবর্তনের মতো। অর্থাৎ, জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মস্তিষ্কও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্রিয় হয়ে ওঠে। তখন সেটি অন্য কোনও বিষয় নিয়ে ভাবতে শুরু করে। আর এই কারণেই আগের কাজটির কথা অনেক সময় আমাদের মনে থাকে না।
প্রতিবার কিছু ভুলে যাওয়ার পিছনে কি ডোরওয়ে এফেক্টই দায়ী?
প্রতিবার কোনও কাজ বা জিনিস ভুলে যাওয়ার পিছনে যে ডোরওয়ে এফেক্টই দায়ী, এমনটা কিন্তু নয়। আরও বেশ কিছু কারণে আমরা দৈনন্দিন কাজের কথা বা কোনও জিনিস কোথায় রেখেছি, তা ভুলে যেতে পারি। যেমন—মনোযোগ অন্যদিকে চলে যাওয়া, একসঙ্গে অনেক কাজ করা, তাড়াহুড়ো করে কোনও কাজ করা, মানসিক চাপ কিংবা ক্লান্তি।
তাই পরের বার অন্য ঘরে গিয়ে হঠাৎ কোনও কাজের কথা ভুলে গেলে সঙ্গে সঙ্গেই নিজের স্মৃতিশক্তিকে দোষ দেবেন না। এর পিছনে মস্তিষ্কের স্বাভাবিক একটি প্রক্রিয়াও কাজ করতে পারে।

No comments:
Post a Comment