বিনোদন ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: শীতের মরশুমে গরমাগরম পরোটার সঙ্গে আলু-মটরশুঁটির শুকনো তরকারি খাওয়ার মজাই আলাদা। ঠাণ্ডার দিনে বাজারে সহজেই পাওয়া যায় টাটকা সবুজ মটরশুঁটি। আর সেই মটরশুঁটি ও আলু দিয়ে তৈরি সুস্বাদু এই পদ সকালের জলখাবার থেকে দুপুরের খাবার—যেকোনও সময়েই খেতে দারুণ লাগে। এর ঝালঝাল ও মশলাদার স্বাদ ছোট থেকে বড়, সকলেরই মন জয় করবে। সবচেয়ে ভালো বিষয় হল, অল্প কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় এই তরকারি। আলু ও মটরশুঁটির সঙ্গে ব্যবহার করা কিছু মশলা এর স্বাদ আরও বাড়িয়ে তোলে। শুকনো তরকারি হওয়ায় পরোটা, লুচি, রুটি কিংবা কচুরির সঙ্গেও পরিবেশন করতে পারেন। শীতের মরশুমে টাটকা মটরশুঁটি দিয়ে একবার বাড়িতেই বানিয়ে দেখুন এই সুস্বাদু পদ। জেনে নিন আলু-মটরশুঁটির শুকনো তরকারি তৈরির সহজ পদ্ধতি।
উপকরণ:-
* মাঝারি আকারের সেদ্ধ আলু ২টি (খোসা ছাড়িয়ে ছোট বা মাঝারি টুকরো করে কাটা)
* টাটকা সবুজ মটরশুঁটি ১ কাপ
* কুচি করে কাটা পেঁয়াজ ১ কাপ
* মাঝারি আকারের টমেটো ১টি
* কাঁচালঙ্কা ২টি
* আদা-রসুন বাটা ১ চা চামচ
* কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
* ধনে গুঁড়ো ১ চা চামচ
* জিরে গুঁড়ো আধা চা চামচ
* গরম মশলা গুঁড়ো আধা চা চামচ
* হলুদ গুঁড়ো এক-চতুর্থাংশ চা চামচ
* গোটা জিরে আধা চা চামচ
* সর্ষের তেল ১ টেবিল চামচ
* অর্ধেক পাতিলেবুর রস
* স্বাদমতো নুন
* কুচি করে কাটা ধনেপাতা
* মাখন
আলু-মটরশুঁটির শুকনো তরকারি তৈরির পদ্ধতি
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট বা মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। এবার পেঁয়াজ, টমেটো ও কাঁচালঙ্কা ভালো করে কুচিয়ে রাখুন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
এবার কড়াইয়ে কুচিয়ে রাখা টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিন। টমেটো গলে যাওয়া এবং মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করা পর্যন্ত ভালো করে কষিয়ে নিন।
এরপর কড়াইয়ে টাটকা মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট মটরশুঁটি কষিয়ে নিন, যাতে মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিয়ে মটরশুঁটি নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
এবার কড়াইয়ে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন, যাতে আলুগুলি ভেঙে না যায়। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। সবশেষে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে দিন। উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ও সামান্য মাখন ছড়িয়ে সাজিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আলু-মটরশুঁটির শুকনো তরকারি। গরমাগরম পরোটার সঙ্গে পরিবেশন করুন এই মজাদার পদ।
টিপস: এই তরকারি তৈরির জন্য বড় আলুর পরিবর্তে ছোট আলুও ব্যবহার করতে পারেন। টাটকা মটরশুঁটি না পাওয়া গেলে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করা যাবে। তবে টাটকা মটরশুঁটি ব্যবহার করলে রান্নার আগে সামান্য সেদ্ধ করে নিন।

No comments:
Post a Comment