প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি : ‘প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় অভিনেতা আদিত্য সেনগুপ্তের। ইন্ডাস্ট্রিতে তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি খেয়ালি দস্তিদার এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে। তবে ইদানীং আদিত্যের কাজের কথাও খুব বেশি শোনা যাচ্ছে না। এখন কী করছেন অভিনেতা?
বিদেশে মাস্টার ডিগ্রি করেও কাজের অভাবে মাসের পর মাস বসে থাকতে হচ্ছে তাকে। শুধুমাত্র অভিনয় নয়, পরিচালনার প্রতিও তাঁর আলাদা টান রয়েছে। তাই নিয়েই বিদেশে পড়াশোনা করেছেন। কিন্তু মায়ের অসুস্থতার জন্য কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে। মা-বাবা যেহেতু অভিনয়জগতের সঙ্গেই যুক্ত, সেহেতু অভিনয়ের সুযোগ পাওয়া নিশ্চয়ই তাঁর কাছে সহজ?
আদিত্যের উত্তর, ‘মা-বাপির সঙ্গে পরিচয় ছিল বলেই অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, ‘প্রজাপতি বিস্কুট’ ছবির পরিচালক) থেকে সুযোগ পাওয়া সহজ হয়েছিল। কিন্তু ওঁরা মূলত মঞ্চ এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত। সুতরাং মাসের পর মাস আমি কাজ ছাড়া বসে থাকি।
অডিশন দিতে কিন্তু আমার কোনও সমস্যা নেই। মাঝেমাঝে মনে হয় কোনও চাকরি পেলে সুবিধা হত। সত্যিই তো ছেলে হিসাবে মা-বাবার পাশে আমার যে ভাবে দাঁড়ানো প্রয়োজন, পারছি কোথায়। কিন্তু এই মাধ্যমটাকে আমি খুব ভালবাসি। তাই এটাকে আঁকড়েই এগিয়ে যেতে চাই।’
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অনুষার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে মানসিক ভাবে ভেঙে পড়েন আদিত্য। সত্যিই কি তাই ঘটেছে? আদিত্য জানান, ‘ছোটবেলা থেকে অনেক ওঠা-পড়া দেখেছি। ফলে মানসিক দিক থেকে আমি খুবই শক্ত। অনুষার সঙ্গে সম্পর্কের দিনগুলো খুবই সুন্দর ছিল। তার পর পথ আলাদা হয়ে গিয়েছে। আমাদের বেশ কিছু বন্ধু রয়েছে। দু’জনে নিজেদের মতো এগিয়ে গিয়েছি।’ যত ঝড়ই আসুক না কেন, পরিবার পাশে থাকলে তিনি সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে পারেন, বলেন আদিত্য।
.jpeg)
No comments:
Post a Comment