কলকাতা, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০২:০১ : বিধানসভা ভোটের মুখে বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের সময়ই এই ঘোষণা করা হয়, যা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নতুন ঘোষণায়, যেসব মহিলা এতদিন মাসে ১০০০ টাকা পেতেন, তাঁরা এবার থেকে পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে, তপশিলি উপজাতির মহিলারা যারা আগে ১২০০ টাকা পেতেন, তাঁদের ভাতা বেড়ে হবে ১৭০০ টাকা। নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকারের এটি একটি বড় পদক্ষেপ বলেই দাবী নবান্নের।
কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক পাঁচ দিনের মাথায় এদিন রাজ্য বাজেট পেশ করা হল। গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিলেন। কিন্তু সেই বাজেটে বাংলার জন্য উল্লেখযোগ্য কিছু না থাকায় ক্ষোভ প্রকাশ করে শিল্পমহল, চা-শ্রমিক থেকে শুরু করে আশাকর্মীরাও।
এরই মধ্যে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে এসআইআর ইস্যুতে। রাজ্যের মানুষের স্বার্থে সরাসরি সুপ্রিম কোর্টে হাজির হয়ে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির কাছে পাঁচ মিনিট সময় চাইলেও তাঁকে ১৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের একাধিক ত্রুটি ও গাফিলতির অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

No comments:
Post a Comment