বিনোদন ডেস্ক, ২৯ মার্চ ২০২৬: রবিবাসরীয় বিকেলে চরম দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘায় শুটিং করতে গিয়ে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ বিনো-দুনিয়া। পরিচালক সৌরভ পালোধি সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে, কীভাবে কি ঘটেছে, বিস্তারিত বলতে পারেননি। শোনা যাচ্ছে, তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। প্রাথমিক খবর, জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর।
অভিনেতার মৃত্যু সাহিত্য ও সিনেমা জগতে এটি অপূরনীয় একটি ক্ষতি, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
বর্তমানে 'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকে কাজ করছিলেন রাহুল। ধারাবাহিকে তাঁর চরিত্রটি বেশ উপভোগ করছিলেন দর্শকরাও। এর মাঝেই এই মর্মান্তিক ঘটনায় টলিপাড়া যেন থমকে গিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই সময় অনলাইনকে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, 'আমরা জানতে পেরেছি ডুবেই মৃত্যু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।'
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচি জানান, শুটিং শেষ হওয়ার পরে তিনি জলে নামেন। তিনি জানান, টেকনিশিয়ানরা হঠাৎ চিৎকার করতে করতে বলেন, 'রাহুল দা ডুবে যাচ্ছে'। তাঁকে যখন জল থেকে উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, 'হয় ও সাঁতার জানে না, না হলে কোনও ভাবে আটকে পড়েছিলেন।'
অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। 'তুমি আসবে বলে' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি বলেন, 'মেনে নেওয়া যায় না। এই খবর অত্যন্ত শকিং।' একসময়ের সহকর্মীর মৃত্যুর সংবাদের ভেঙে পড়েছেন অভিনেত্রী।
দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে ঠাকুরমার ঝুলি নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল। 'চিরদিনই তুমি যে আমার' নামে ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন রাহুল। তাঁর এই অকাল প্রয়াণে স্তব্ধ টলিপাড়া থেকে দর্শকমহল।

No comments:
Post a Comment