কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আরও এক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার প্রকাশিত চতুর্থ এই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতেই কর্মী-সমর্থকদের বিক্ষোভ সামনে এসেছিল জেলায়-জেলায়। বিক্ষোভের জেরে উত্তরবঙ্গের এক কেন্দ্রে প্রার্থী বদল করল পদ্ম শিবির। এছাড়াও এই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। ময়নাগুড়িতে কৌশিক রায়কে প্রার্থী করা হয়েছিল। তাঁর বদলে প্রার্থী করা হল ডালিম খানকে।
বাকি আরও ১৩ আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি-
কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন সন্তোষ পাঠক। চৌরঙ্গীতে প্রার্থী করা হয়েছে তাঁকে। নাটাবাড়িতে বিজেপি প্রার্থী গিরিজাশঙ্কর রায় এবং সিতাইয়ে আশুতোষ বর্মাকে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি বাগদায় সোমা ঠাকুর, মগরাহাট পূর্বে উত্তম কুমার বণিক, ফলতায় দেবাংশু পন্ডা, সোনারপুর উত্তরে দেবাশীষ ধরকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে পাঁচলায় বিজেপির প্রার্থী করা হয়েছে রঞ্জনকুমার পালকে। চণ্ডীপুরে পীযূষকান্তি দাস, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, মেমারিতে মানব গুহ, বারাবনিতে অরিজিৎ রায় ও গড়বেতায় প্রদীপ লোধাকে প্রার্থী করা হয়েছে।
উল্লেখ্য, দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের বিক্ষোভ শুরু হয় জায়গায়-জায়গায়। এমনকি জলপাইগুড়ি-ময়নাগুড়িতে দলীয় কার্য কার্যালয়ের তালা ঝুলিয়ে দেন কর্মী-সমর্থকরা। প্রার্থী বদল না হলে এলাকায় কাজ না করার হুঁশিয়ারিও দেন তাঁরা। বিক্ষুব্ধ কর্মী- সমর্থক ও স্থানীয়দের অপছন্দের কথা মাথায় রেখেই ময়নাগুড়িতে প্রার্থী বদলে দিল পদ্ম শিবির।

No comments:
Post a Comment