নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন পর রামনবমীর উৎসব। তার আগে রাম ভক্তদের নিয়ে খড়গপুরে আখড়ায় মাতলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শ্যামবাবার মন্দির সংলগ্ন মাঠে রাম নবমীর আখড়া প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। এই শিবিরে বিজেপির খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ যোগ দেন এবং লাঠিও ঘোরান বেশ কিছুক্ষণ। শিবিরে ওস্তাদ থেকে এখনকার ছেলে-মেয়েরাও লাঠি ঘুরিয়ে অভ্যাস করেন। এদিন একেবারে পুরনো ছন্দে, বেশ খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে।
দিলীপ ঘোষ বলেন, প্রতি বছর খড়গপুরে রাম নবমীর আখড়ার আগে সমস্ত আখড়াকে একদিন অভ্যাসের জন্য আমরা ডাকি। এবারও তাই হয়েছে, শ্যামবাবার মন্দির সংলগ্ন মাঠে খড়গপুরের সব আখড়াকে ডেকেছিলাম। যারা পুরানো ওস্তাদ আছে তাদেরও ডেকেছিলাম। যারা লাঠি খেলেন তাঁরা সবাই এসেছিলেন অভ্যাসের জন্য।'
দিলীপ ঘোষ আরও বলেন, "খড়গপুরে রামনবমী খুব বিখ্যাত। খুব উৎসাহের সঙ্গে এখানে রামনবমী উদযাপন করা হয়। রাম নবমীর দিন প্রচুর মানুষ রাস্তায় নামেন, এটা খড়গপুরের পরম্পরা। এটাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এই আখড়ার গুরুত্ব প্রাচীন কাল থেকে আছে। আখড়া মানে লাঠি শুধু খেলা নয় অযোধ্যাতে গেলে দেখতে পাবেন সাধু-সন্তদের আখড়া। এই সাধু-সন্তরা পুজো-পাঠ করেন, বিভিন্ন ভাবে সমাজের সেবা করেন। ধর্ম রক্ষার জন্য শক্তির সাধনাই হল আখড়া।" তিনি জানান, রাম নবমীর দিন খড়গপুরের যুবরা তাঁদের কব্জির জোর দেখাবেন আখড়ায়।
এদিনের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে দেখা যায় একেবারে খোশ মেজাজে। বেশ কিছুক্ষণ লাঠি ঘুরিয়ে শক্তি প্রদর্শনও করেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি যে এই ধরণের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সময় দেন, তা নজর কেড়েছে অনেকেরই। স্থানীয়দের মত, তাঁর উপস্থিতি ও অংশগ্রহণ এই শিবিরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

No comments:
Post a Comment