নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে বিজেপির ব্যানার-ফেস্টুন। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনপুর এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে এলাকায় লাগানো বিজেপির বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। বর্তমান তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাতেই তড়িঘড়ি এলাকায় পৌঁছান বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। বিশেষ করে নারী নির্যাতন বিরোধী প্রচারমূলক ব্যানারগুলি ছিঁড়ে দেওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থীর দাবী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অন্ধকারের সুযোগ নিয়ে বিজেপির প্রচার সামগ্রী নষ্ট করেছে। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই কাজ করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে শাসক দল।
বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল বলেন, "নারী নিরাপত্তা দরকার, চাই বিজেপি সরকার', ব্যানার লাগিয়েছিলেন দলীয় কর্মীরা। 'নারী নিরাপত্তা দরকার' অংশটি সহ পুরো ব্যানারটি ব্লেড দিয়ে কেউ বা কারা কেটেছে। তৃণমূল সরকার নারী নিরাপত্তা চায় না, সেই আক্রোশ গিয়ে পড়েছে এই ব্যানারে। আরজি কর, হাঁসখালি, কামদুনি আমরা দেখেছি এই সরকারের আমলে। এই সরকারের আমলে নারী নিরাপত্তা নেই। তার দাবী, তৃণমূল বুঝতে পেরেছে এই আসন তাঁরা হারতে চলেছে।"
তিনি বলেন, "এর আগে তারা লুট করে, আমাদের এজেন্টকে মেরে বের করে, বিভিন্ন ভাবে পঞ্চায়েত দখল নিয়েছিল। তবে এরা বুঝতে পেরেছে ছাব্বিশের নির্বাচন এত সহজ হবে না। তাই এসব করছে। কিন্তু এতে কোনও লাভ হবে না।"
বিজেপির তোলা সমস্ত অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল শিবিরের দাবী, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই। বিজেপির সস্তা প্রচারের কৌশল" বলে কটাক্ষ করেছে শাসক দল।
বারুইপুর পশ্চিম তৃণমূলের ব্লক সভাপতি গৌতম কুমার দাস বলেন, "অত্যন্ত হাস্যকর ব্যাপার। নিম্নরুচির কথাবার্তা বলছেন বিজেপির এই সমস্ত মানুষেরা। তৃণমূল কংগ্রেসের বারুইপুর পশ্চিমে এত দৈনদশা হয়নি যে, বিজেপির ব্যানার ছিঁড়তে হবে।" তাঁর দাবী, এখানে বিজেপির সাংগঠনিক ভাবে কোনও অস্তিত্ব নেই। আগের বার ৬২ হাজারে হেরেছিল, এবারে সেটা ৮২-তে পৌঁছে যেতে পারে।
তৃণমূল নেতার কথায়, "বিজেপি প্রার্থী মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরতে নিজেরাই ফ্লেক্স ছিঁড়ছেন এবং তৃণমূল কংগ্রেসকে বদনামের চেষ্টা করছেন। খবরে আসার জন্য এই চেষ্টা করছে বিজেপি।"

No comments:
Post a Comment