নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ ২০২৬: ঠোঁট কাটা হিসেবেই পরিচিত তিনি। একেবারে রাফ অ্যান্ড টাফ নেতা। চড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানানোতে তাঁর জুড়ি মেলা ভার। ছাব্বিশের নির্বাচনের আগে ফের স্বমহিমায় দেখা গেল সেই দিলীপ ঘোষকে। নির্বাচনে জিতলেই বাংলায় উত্তরপ্রদেশ মডেল করার হুঁশিয়ারি পদ্ম-প্রার্থীর। তাঁর কথায়, "মে মাসের ৪ তারিখের পর সব পাল্টে যাবে। পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করে কেমন ভেতরে ঢোকাচ্ছে।"
বৃহস্পতিবার খড়গপুরে প্রচার কর্মসূচিতে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখান থেকেই তিনি একথা বলেন। তৎকালীন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার আজকে ভোটের জন্য রামনবমীকে প্রাধান্য দিচ্ছেন বলেও দাবী দিলীপের।
দিলীপ ঘোষ বলেন, "২০২০-২১ সালে যখন করোনা মহামারী হয়েছিল, সব বন্ধ হয়ে গিয়েছিল। একুশের নির্বাচনের আগে এই প্রদীপ বাবু পুলিশকে সঙ্গে নিয়ে খড়গপুরে রামনবমীর আখড়া বন্ধ করতে গিয়েছিল। ওসিকে সঙ্গে নিয়ে কেস দেওয়া আর হুমকিও দেন তিনি। মনে কেবল ভোটের ভক্তি, খালি রাজনীতি আছে। আমরা সেই সমস্ত আখড়ার পাশে থেকেছি। আমি, আমার কর্মীরা ও যারা এখানে রাম ভক্তরা আছেন সবাই মিলে বেরিয়েছিলাম। বলেছিলাম, আপনারা আখড়া করুন, আমরা সঙ্গে থাকব। কোনও ব্যাটা গায়ে হাত দিতে পারবে না।"
তিনি বলেন, "পরে আমার এখানকার দু চারজন কার্যকর্তার নামে পুলিশ কেস হয়েছিল। আমরা নাকি অস্ত্র নিয়ে এখানে ভয় দেখিয়েছি।" তিনি বলেন, "যে ভয় পাবে তাঁকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই! দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পিছনে লাগবে আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে তো আমি চমকাব না! চমকাব। ধমকে-চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেজন্যই দিলীপ ঘোষকে ভোট দেয়, আবার দেবে। এখানকার গুণ্ডা-মাফিয়াদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, আবার লড়ব, যতদিন থাকব।"
সুর চড়িয়ে দিলীপ ঘোষ আরও বলেন, "এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাব। কারণ এবার ক্ষমতায় আসবে বিজেপি, পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া-গুণ্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চা খাচ্ছে, চামচাগিরি করছে, সেই পুলিশই দেখবেন অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কেমন এনকাউন্টার করবে। কেমন ভেতরে ঢোকাবে দেখে নেবেন। মে মাসের ৪ তারিখের পরে সব পাল্টে যাবে।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর থেকেই টিকিট দিয়েছে দল। প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর থেকে পুরো দমে খড়্গপুরে প্রচার শুরু করে দিয়েছেন তিনি।

No comments:
Post a Comment