নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২৫ মার্চ ২০২৬: নির্বাচনের আবহে রাজ্যে কড়া নিরাপত্তা। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরা এক জওয়ানকে ঘিরে তীব্র চাঞ্চল্য। ঘটনা আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ এলাকার। জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আলিপুরদুয়ার থানার অন্তর্গত একটি নাকা চেকিং পয়েন্টে সেনার পোশাকে ওই যুবককে ছবি তুলতে দেখা যায়। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য বেরিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি শামুকতলা এলাকায়। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পোশাক পরে নাকা চেকিং পয়েন্টে ছবি তোলার পাশাপাশি সেখানে কর্তব্যরতদের কাছে হাসিমারা সেনা ছাউনি সম্পর্কে একাধিক গোপন তথ্য সে জানতে চায়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তাকে আটক করে প্রশাসন। তল্লাশি করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ভুয়ো পরিচয় পত্র। এরপর ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট গ্রেফতার করে ওই ভুয়ো সিআইএসএফ জওয়ানকে। ধৃতের নাম শুভঙ্কর দেবনাথ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসামের দিক থেকে আসা একটি গাড়ি থেকে নাকা চেকিং পয়েন্টের কাছে নামে ওই যুবক। তার পরনে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পোশাক। নাকা চেকিং পয়েন্টে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাকে দেখে সন্দেহ হয় এরপর তল্লাশি চালাতে একটি পরিচয়পত্র ও আধার কার্ড উদ্ধার হয়েছে তার কাছ থেকে। পরিচয়পত্রটি পরীক্ষা করতেই দেখা যায় সেটা বিকৃত করা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অনুমান, সেটা ভুয়ো। অন্যের পরিচয়পত্র ব্যবহার করে ওই যুবক নিজের নাম বসিয়েছেন। এরপরেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতের কাছ থেকে পাওয়া আধার কার্ডটিও ভুয়ো কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট সবকিছু খতিয়ে দেখে ওই যুবককে গ্রেফতার করেন। ওই যুবক কেন ভুয়ো পরিচয়পত্র নিয়ে এবং জওয়ানের পোশাকে ঘুরছেন সেই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।
রাজ্যে আর এক মাস পরেই ভোট। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় জওয়ানরা রুটমার্চ করছেন। ভোটের আগে আরও বাহিনী আসতে পারে। এই আবহেই আলিপুরদুয়ারে ভুয়ো জওয়ান গ্ৰেফতার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:
Post a Comment