প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩১ মার্চ : মাসখানেক আগেই সায়ক চক্রবর্তীর গোমাংস বিতর্ক নিয়ে বচসায় জড়িয়েছিলেন টালিগঞ্জের দুই পরিচিত মুখ। একজন অনন্যা গুহ। আর অন্যজন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার তিক্ততা মনের মধ্যে বয়ে বেড়াচ্ছিলেন দু’জনেই। ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়া। কিন্তু আজ হঠাৎ সব থেমে গিয়েছে। রাহুলের মৃত্যুর খবর জানতে পেরেই এই সময় অনলাইনকে মনের কথা জানালেন অভিনেত্রী।
থমথমে গলায় অনন্যা বলেন, ‘হ্যাঁ, মনে পড়ে গেল তো। রাহুলদার সঙ্গে একটা কাজ আমার করার কথা ছিল। বহুদূর কথা এগিয়েও শেষ পর্যন্ত কাজটা হয়নি। এ ছাড়া ওঁর সঙ্গে আরও একটা কাজ আমি করেছি।’ সোশ্যাল মিডিয়ায় রাহুল অনন্যার কাদা ছোড়াছুড়ি ভুলে যাননি মানুষ। সেই সময়কার কথা কী আজও মনে রেখেছেন অভিনেত্রী?
অনন্যার কথায়, ‘ভুলে যাওয়ার তো কোনও কারণ নেই। কিন্তু তার মানে এই নয় যে কারও সঙ্গে আমার মতের অমিল হলেই আমি তাঁর খারাপ চাইব। আরে দিনের শেষে আমরা তো এক ইন্ডাস্ট্রির। সেটা ভুলে গেলে চলবে কেন? ভবিষ্যতে হয়তো কোনওদিন আমরা একসঙ্গে কাজও করতাম।’
ইন্ডাস্ট্রির অনেকেই রাহুলের স্মৃতি রোমন্থন করেছেন সোশ্যাল মিডিয়ায় পাতায়। অনন্যার কি একবারও মনে হয়নি কিছু লেখার কথা? অভিনেত্রী বলেন, ‘এত লোকে ছবি পোস্ট করছে, এত কিছু লিখছে। আমার মনে হয় এটা এবার ব্যবসায় পরিণত হচ্ছে। আমি এ সব কিছু চাই না। তাই কিছু লিখিনি। আমার মনে হয় না যাঁরা সত্যিই রাহুলদার খুব কাছের মানুষ, তাঁরা এখন কিছু পোস্ট করার মতো অবস্থায় আছেন।’
.jpeg)
No comments:
Post a Comment