গোবর-কাদায় মাখামাখি তৃণমূল প্রার্থীর নাম, নালিশ বিজেপির বিরুদ্ধে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2026

গোবর-কাদায় মাখামাখি তৃণমূল প্রার্থীর নাম, নালিশ বিজেপির বিরুদ্ধে


নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৬ মার্চ ২০২৬: তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর কাদা, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদের সুতি বিধানসভার সাদিকপুর অঞ্চলে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঈমানী বিশ্বাসের নাম ও নির্বাচনী প্রতীকের ওপর গোবর ও কাদা মাখিয়ে বিকৃত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সাদিকপুর পঞ্চায়েতের ২৭৬ ও ২৭৭ নম্বর বুথে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বুধবার এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে শাসক শিবিরের তরফে। 


এদিকে ঘটনাটি সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। সুতি ১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি সেরাজুল ইসলামের অভিযোগ, এর পিছনে বিজেপির পরিকল্পিত চক্রান্ত রয়েছে। তাঁর দাবী, ঘটনাস্থলটি বিজেপি প্রার্থীর নিজস্ব বুথ এবং পাশের বুথেও একই ধরণের ঘটনা ঘটেছে, যা ইঙ্গিত করছে এটি পূর্বপরিকল্পিত। ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল নেতৃত্ব দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবঘ তুলেছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। 


সুতি ১ নম্বর তৃনমুল ব্লক সভাপতি সেরাজুল ইসলাম বলেন, “গণতান্ত্রিকভাবে লড়াই করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বিজেপি। তাই তারা এই ধরণের নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে।”


এদিকে, ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পাশাপাশি সুতি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।


অপরদিকে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কৌশিক দাস জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবী, সাদিকপুর বিজেপির শক্ত ঘাঁটি এবং সেখানে দলের প্রার্থী মহাবীর ঘোষের বাড়ি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা স্থানীয় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে।” পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছে বিজেপিও।


কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা।

No comments:

Post a Comment

Post Top Ad