ভোটার তালিকা থেকে বাদ নাম, রাস্তা অবরোধ করে বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 31, 2026

ভোটার তালিকা থেকে বাদ নাম, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

 


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ মার্চ ২০২৬: দীর্ঘদিন থেকে এলাকার স্থায়ী বাসিন্দা হয়েও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। এই অভিযোগে সরব স্থানীয়রা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড় সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থেকে চ্যাংড়াবান্ধাগামী জাতীয় সড়ক অবরোধ করেন মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।


বিক্ষোভকারীদের দাবী, তাঁরা দীর্ঘদিন ধরে এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁদের পূর্বপুরুষও এখানকার বাসিন্দা এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন। তা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় তারা ডিলিটেড ভোটার। তাঁদের অভিযোগ, বর্তমান এসআইআর প্রক্রিয়ার ফলে বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের প্রশ্ন, কীভাবে বৈধ ভোটারদের নাম বাদ পড়ল? কমিশনকে এর জবাব দিতে হবে। দ্রুত তালিকা সংশোধনের দাবী জানান তারা। পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি, ভোটের আগে নাম পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। 



বিক্ষোভকারী মঞ্জু বেগম বলেন, 'কি কারণে নাম বাদ গেল জানি না। আমাদের ভোট আমরা দেব।' তাঁর প্রশ্ন, এতদিন ভোট দিয়ে আসছি নাম থাকবে না কেন? নাম না উঠলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।


বিক্ষোভকারী আশরাফুল হক বলেন, "আমরা পাঁচ পুরুষের এখানে বাস। বৈধ ভোটার। এরপরেও কেন ভোটার তালিকা থেকে নাম কাটা গেল নির্বাচন কমিশন জবাব দেবে তারপর আমরা এখান থেকে সরব। আমাদের গুলি করলেও রাজি আছি। তাঁর দাবী, হেয়ারিংয়ে বৈধ নথি দিয়েও নাম ওঠেনি। তালিকায় বৈধ ভোটারের নাম না থাকলে নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই।"


এদিকে এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে এশিয়ান হাইওয়েতে দীর্ঘ লাইনে আটকে পড়ে ছোট-বড় বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। 


প্রায় দুই ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরবর্তীতে ময়নাগুড়ির জয়েন্ট বিডিও ইঞ্জামুল হক ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। ভোটার তালিকা সংশোধন ও নাম অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। প্রশাসনের হস্তক্ষেপে  যান চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad