পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র! কমিশনে নালিশ বিজেপি সাংসদের, 'শিশুসুলভ আচরণ' কটাক্ষ তৃণমূলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 21, 2026

পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র! কমিশনে নালিশ বিজেপি সাংসদের, 'শিশুসুলভ আচরণ' কটাক্ষ তৃণমূলের


নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২১ এপ্রিল: ভোটের মুখেই পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য নদিয়ায়। পোস্টাল ব্যালট ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সাংসদ জগন্নাথ সরকার। কাঠগড়ায় আই-প্যাক ও তৃণমূল। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের সাংসদের। 'শিশুসুলভ আচরণ', পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। শুরু রাজনৈতিক তরজা।


রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেস এবং ভোট কুশলী সংস্থা আই-প্যাকের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ—এই দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই ব্যালট বাক্সে জমা করা হচ্ছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ। 


বিজেপি সাংসদের দাবী, এটি কোনও ভুল নয় বরং সুপরিকল্পিত পরিকল্পনা। সরকারি কর্মচারীরা যাতে বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যান, সেজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, দাবী জগন্নাথের।‌ তাঁর মতে, বিজেপি যাতে ভোট না পায় এবং সরকারি কর্মচারীদের ভোট যাতে নষ্ট হয়, সেজন্য নীল নকশা তৈরি করেছে আই-প্যাক। তাঁর অভিযোগ, পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির কোনও এজেন্টকে বুথ বা সংলগ্ন এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রবীণ ভোটারদের বাড়ি গিয়ে বলপূর্বক বা ভয় দেখিয়ে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দেওয়ানো হচ্ছে ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।


জগন্নাথ সরকার জানিয়েছেন যে, তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে এসবের প্রতিবাদে চিঠি দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। 


যদিও বিজেপির এই অভিযোগ শিশুসুলভ বলেই আখ্যা দিয়েছে শাসক দল। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী এই বিষয়ে বলেন, "কিছুদিন আগে এক সাংবাদিক বন্ধুর প্রশ্নের উত্তরে জনৈকা বিজেপি নেতৃত্ব মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালীতে তেল আমদানি জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে তার পিছনেও নাকি তৃণমূলের কারসাজি! তো এই ধরণের হাস্যকর মন্তব্য এটা ওদের মুখেই শোভা পায়, বিজেপি নেতৃত্বের মুখে।"


তিনি আরও বলেন, "এইরকমই শিশুসুলভ মন্তব্য করেছেন জগন্নাথ বাবু। গোটা বিষয়টা উনি ক্লিয়ার করুন আগে। কী ঘটনা ঘটেছিল তারপর কোনও ভাবে কোনও সংস্থা কোনও দলের বিন্দুমাত্র ভূমিকা যদি থাকে নিশ্চয়ই তার মূল্যায়ন হবে।" 


কটাক্ষের সুরে তিনি বলেন, "ওদের সঙ্গে কমিশনের এত ভালো সম্পর্ক, তা কমিশনে অভিযোগ করছেন না কেন! কমিশনের কাছে গিয়ে অভিযোগ করুন আর কমিশন তার উত্তরও দিয়ে দেবে। হাস্যকর শিশুসুলভ মন্তব্য। আসলে ভোটের আগে মিডিয়ায় টিকে থাকা, মুখ দেখানো। এর বাইরে কিছু না।‌"

No comments:

Post a Comment

Post Top Ad