দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। এই আবহে ইভিএম কারচুপির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় তৃণমূলের 'ডায়মন্ড হারবার মডেল'-কে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ভোটের দিনেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। হরিণডাঙা হাইস্কুলের বুথ-সহ দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের ওপর টেপ সেঁটে দেওয়ার অভিযোগ। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
বিজেপির দাবী, ভোট দিতে গিয়ে তাঁদের কর্মীদের নজরে আসে ইভিএমে প্রতীকের ওপর টেপ লাগানো রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফলতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাঁর উপস্থিতিতেই বিষয়টি ধরা পড়ে বলে দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এরপরই বুথের বাইরে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
দেবাংশু পান্ডা বলেন, "এটি তৃণমূলের একটি সুপরিকল্পিত চাল। ভোটারদের বিভ্রান্ত করতেই ইভিএমের বোতাম জ্যাম করে দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন রুখতেই এই ধরণের নোংরা পথ বেছে নিয়েছে শাসক দল।"
দলের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই নিয়ে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লেখেন, "এটাই হল তথাকথিত 'ডায়মন্ড হারবার মডেল'। মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাধী জাহাঙ্গীর খানের হয়ে কথা বলছিলেন, তাঁর কেন্দ্রেই বিজেপির বোতাম টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। ঠিক এই ছকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা আসন নিশ্চিত করেছিলেন।" পাশাপাশি এই সমস্ত বুথে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবী জানিয়েছেন তিনি।
অপরদিকে শাসক দলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবী, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি নাটক করছে।


No comments:
Post a Comment