নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়। প্রচারে ঝাঁপিয়েছে ডান-বাম সব দলগুলো। দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করছেন তারকা সাংসদ-বিধায়করা। কিন্তু এর মাঝে একবারও দেখা মেলেই তমলুকের সাংসদের। এই নিয়ে এবারে একাধিক পোস্টার পড়ল পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত জশাড় গ্রামে। কেউ বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার সাঁটিয়েছে বলে অভিযোগ। তবে বিজের এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধেই আঙুল তুলেছে।
দেখা যায় জশাড় ব্রিজের গায়ে একাধিক পোস্টার সাঁটানো রয়েছে। তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবিও রয়েছে। পাশাপাশি পোস্টারে লেখা রয়েছে, 'মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এম পি তমলুক লোকসভা"। সকাল সকাল এই পোস্টার ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে।
এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা যদিও সুস্পষ্টভাবে লেখা নেই। তবে তৃণমূলের পক্ষ থেকে এ নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকার মানুষ ওনাকে চোখে দেখেছেন, তা হাতেগুনে বলা যাবে। ভোটে জেতার পর কি উন্নয়ন কোলাঘাটের জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি।
তার কটাক্ষ, 'উন্নয়ন ছেড়েই দিলাম, নির্বাচনের সময়েও এই এলাকার সাংসদকে দলের হয়ে প্রচারে দেখা যায়নি। তাই হয়তো ওদের দলের কর্মী সমর্থকরা এই পোস্টার দিয়েছে। এ নিয়ে আমার কিছু বলার নেই। জেতার পর উনি কয়েকবার এসেছিলেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য।'
তাঁর দাবী, এই পোস্টার বিজেপির তরফেই দেওয়া হয়েছে। তিনি বলেন, 'ওদের দলের লোকই পোস্টার দিয়েছে। উনি দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসেননি, তাই হয়তো। আমাদের বিরুদ্ধে এসব বলে লাভ নেই।'
অন্যদিকে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, 'এই পোস্টার ফেলা তৃণমূলেরই চক্রান্ত। অভিজিত বাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন। আমার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনও দু'দিন বাকি আছে নির্বাচনী প্রচারের।এর মধ্যে আসলেও উনি আসতে পারেন।
তবে, ভোটের আবহে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোস্টার পড়েছে, তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:
Post a Comment