ভোট আবহে গোসাবায় শ্যুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 20, 2026

ভোট আবহে গোসাবায় শ্যুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী


দক্ষিণ ২৪ পরগনা: মাত্র তিন দিন পরেই ভোট‌। এই আবহেই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। রাতে দলের কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হন তৃণমূলের এক সক্রিয় কর্মী। আহতের নাম দিব্যেন্দু গায়েন। রবিবার রাত ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। 


আগামী ২২ এপ্রিল গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে নির্বাচনী সভা রয়েছে। তারই প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যায় একটি বৈঠক ছিল। সেখান থেকে ফেরার পথেই হামলা ঘটেছে বলে অভিযোগ।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দলীয় সভা সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু। ভূপেন্দ্রপুরে ঢোকার মুখে তাঁর পথ আটকে দাঁড়ায় একটি বাইক। কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন দিব্যেন্দু। জানা গিয়েছে, তাঁর ডান পায়ে গুলি লেগেছে।

স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত দিব্যেন্দু জানান, দু'টি গুলি চালিয়েছিল হামলাকারীরা। একটা তাঁর পায়ে লাগে।' এর জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবার পুলিশ। কি কারণে এই গুলি কাণ্ড, ঘটনার নেপথ্যে কে? এই সব খতিয়ে দেখছে পুলিশ। তবে ভোটের মাত্র তিন দিন আগে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad