ন্যাশনাল ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৬: ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত গাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়েছেন পাঁচজন। এর পাশাপাশি গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। রাজস্থানের আলওয়ার জেলার লক্ষ্মণগড় থানা এলাকায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বুধবার রাতে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।
ডিএসপি কৈলাশ জিন্দাল জানিয়েছেন যে, রাত ১টার দিকে মৌজপুরের কাছে দিল্লী-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ১১৫/৩০০ নম্বর পিলারের কাছে দিল্লী থেকে কোটাগামী একটি গাড়িতে অজ্ঞাত কারণে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো গাড়িটিকে আগুন গ্ৰাস করে। আরোহীরা পালানোর কোনও সুযোগ পাননি এবং কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি আগুনের গোলায় পরিণত হয়। তিনজন মহিলা, একটি শিশু এবং মধ্যপ্রদেশের শেওপুরের একজন পুরুষসহ পাঁচজন জীবন্ত দগ্ধ হন।
চালক, মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা বিনোদ কুমার মেহর, গাড়ি থেকে লাফিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন। এই দুর্ঘটনায় তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। পথচারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, এনএইচএআই-এর একটি টহল দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার খবর পেয়ে টহলরত লক্ষ্মণগড় থানা এবং এসএইচও নেকিরাম ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেন।
দমকল বাহিনী পৌঁছানোর আগেই পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। দুটি ফায়ার ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যেই ডিএসপি কৈলাশ জিন্দালও ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্ঘটনায় ৮০ শতাংশ দগ্ধ হওয়া চালককে চিকিৎসার জন্য পিনান সিএইচসি-তে পাঠানো হয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে আলওয়ারে রেফার করা হয়।
পরবর্তীতে চালককে চিকিৎসার জন্য আলওয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার সুধীর চৌধুরীও ঘটনাস্থলে পৌঁছান এবং দুর্ঘটনার খবর নিয়ে পুলিশ কর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ মৃতদের শনাক্ত করার কাজে নিয়োজিত রয়েছে।

No comments:
Post a Comment