কলকাতা: দ্বিতীয় দফার ভোট রাজ্যে। ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার, ২৯ এপ্রিল, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও দাদা স্নেহাশিসকে সঙ্গে নিয়ে তিনি নিজের ভোটকেন্দ্রে যান ভোট দিতে। তাঁকে ভোটকর্মীদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সেখানে নির্বাচন থেকে শুরু করে আইপিএল প্রসঙ্গ উঠে আসে। যদিও নির্বাচন নিয়ে সব প্রশ্নই প্রায় এড়িয়ে যান মহারাজ।
এদিন দুপুর নাগাদ ভোট দেন সৌরভ। তাঁকে প্রশ্ন করা হয়, আগেরবারের নির্বাচনের কি তফাত দেখলেন? সৌরভ বলেন, 'এ সব আমাকে জিজ্ঞেস করবেন না। আমার ভোট দেওয়া কাজ, আমি দিয়েছি।' কতটা ভোট পড়বে বলে মনে হচ্ছে? উত্তরে সৌরভ বলেন, 'কত শতাংশ ভোট পড়বে আশা করি সন্ধ্যার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে।'
এর পর তাঁকে প্রশ্ন করা আইপিএল নিয়ে। তিনি বলেন, 'আইপিএল-তো বেশ ভালোই চলছে। আপাতত মাঝপথে রয়েছে। দেখা যাক, কী হয়। এতগুলো দলের মধ্যে কোনও একটাকে বেছে নেওয়া খুব কঠিন। তবে দু-একটা দল রয়েছে পছন্দের তালিকায়। পাঞ্জাব কিংস ভালো খেলছে। রাজস্থান ভালো খেলছে, আরসিবি ভালো খেলছে। প্রত্যেকটা দলই ৭-৮টা করে ম্যাচ খেলেছে। ফলে অর্ধেক টুর্নামেন্ট এখনও বাকি রয়েছে।'
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট। আপাতত সিএবি প্রশাসন তাঁর হাতেই। আর এদিন আইপিএল নিয়ে যতটা খোলামেলা উত্তর দিয়েছেন, রাজনীতি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনায় প্রবেশ করতে নারাজ সৌরভ। তাঁর স্পষ্ট বক্তব্য, 'না না এসব নিয়ে পরে কথা হবে। আজ ভোট দিন।' সেখানে থাকা এক সাংবাদিককেই পাল্টা প্রশ্ন করেন সৌরভ, 'আপনি ভোট দিয়েছেন কি?' সাংবাদিক উত্তরে জানান, তিনি এখানকার ভোটার নন। এরপর হেসে বাড়ির দিকে পা বাড়ান দাদা।

No comments:
Post a Comment