নদিয়া: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আর মাত্র দু'দিন বাকি। এই আবহেই এক বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুরে। থানায় অভিযোগ দায়ের।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে নদীয়া জেলায়। শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলই প্রচার থেকে শুরু করে নিজ-নিজ কর্মসূচি নিয়ে ব্যস্ত। এরই মাঝে শনিবার রাতে ভারতীয় জনতা পার্টির এক কর্মীকে হুমকি। অভিযোগ, বাড়িতে ঢুকে গালিগালাজ এবং তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দলেকে ভোট দিলে হাত-পা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয় ওই বিজেপি কর্মীকে। এমনকি প্রতিবাদ করে জুটেছে মার।
এই ঘটনায় রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বুদ্ধদেব ঘোষ নামে ওই বিজেপি কর্মী। অভিযোগপত্রে তিনি জানান, স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী শনিবার রাত ১১ টা নাগাদ বাড়ির ভিতর ঢুকে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দলে ভোট দিলে হাত-পা কেটে নেওয়ার এবং ভোটের দিন বুথে গেলে গুলি করে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। এমনকি তিনি প্রতিবাদ করলে কিল-চড়-ঘুষিও মারা হয়।
এই ঘটনায় কালিপদ ঘোষ, বাবলু ঘোষ, দিলীপ ঘোষ এবং সুরজিৎ ঘোষ; এই ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ভীমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বুদ্ধদেব ঘোষ। ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের কড়া শাস্তি দাবী করেছেন তিনি।
বিজেপি কর্মী বুদ্ধদেব ঘোষ সংবাদমাধ্যমে বলেন, "আমি বিজেপি করি। আমরা কাল দলের ব্যানার লাগিয়েছিলাম। এরপর রাতে বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। সেইসময় বাইক নিয়ে হাজির হয় তৃণমূলের লোকজন। তাঁরা বলে, বিজেপিকে ভোট দিলে ডানা কেটে দেব। তাদের মধ্যে একজন আমাকে ধাক্কা দেয়, কিল-চড়-ঘুষি মারে। বন্দুক বের করে গুলি করার হুমকি দেয়।"
তিনি আরও বলেন, "ভীমপুর থানায় আজ অভিযোগ করলাম, ওদের শাস্তি চাই।"
এই বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি।

No comments:
Post a Comment