জলপাইগুড়ি: বাড়ির পাশেই ওত পেতে বসেছিল মৃত্যু! হয়তো কল্পনাও করতে পারেননি। আর বাড়ি থেকে বের হতেই চরম পরিণতি যুবকের। হাতির হামলায় প্রাণ হারালেন যুবক। মৃত যুবকের নাম সুরজ ওরাওঁ, বয়স ২৭ বছর। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা মূর্তি ফরেস্ট বস্তি এলাকার ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই যুবক বাড়ি থেকে বাইরে বের হন জমিতে যাওয়ার জন্য। ওই সময় মুষুলধারায় বৃষ্টি পড়ছিল। জঙ্গল লাগোয়া মূর্তি বনবস্তি এলাকায় গরুমারা জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল লোকালয়ে ঢুকে পড়ে। প্রাথমিক অনুমান, জমির কাছাকাছি পৌঁছতেই সুরজ ওই হাতিটির সামনে পড়ে যান। পালানোর সুযোগও পাননি, এর আগেই দাঁতালটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা ওই স্থানে সুরজকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। খবর দেওয়া হয় মেটেলি থানায় এবং বন দফতরে।
কিছুক্ষণ পর অবশ্য হাতিটি ওই এলাকা ছেড়ে ফের জঙ্গলে চলে যায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় মূর্তি বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। সেইসাথে আসে মেটেলি থানার পুলিশও। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বন দফতরের তরফে জানা গেছে, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে বলেন, “প্রাথমিক তদন্তে এটি হাতির হামলা বলেই নিশ্চিত হওয়া গিয়েছে। বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
এদিকে সাতসকালেই এমন ভয়ঙ্কর ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই জঙ্গল থেকে হাতি লোকালয়ে ঢুকে ফসলের ক্ষতি করছে। স্থায়ী সমাধানের দাবীতে সরব হয়েছেন বাসিন্দারা। নজরদারি বাড়ানো হয়েছে বন দফতরের তরফে।

No comments:
Post a Comment