পূর্ব মেদিনীপুর: বিজেপির ফেস্টুনে ঝুলছে জুতো। ঘটনা ঘিরে চরম উত্তেজনা। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামে ঘটেছে এই ঘটনা।
বিজেপির ফেস্টুনে জুতো ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বুধবার সকালে। এদিন সকালে স্থানীয় এক বিজেপি কর্মীর নজরে আসে এই দৃশ্য। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন স্থানীয় বিজেপি নেতা মধুসূদন মণ্ডলকে। তিনি থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।
তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য তথা তমলুক ১-এর প্রাক্তন মণ্ডল সভাপতি মধূসুদন মণ্ডল বলেন, "এখানে আমাদের বিজেপির ফেস্টুনে গতরাতে তৃণমূলের হার্মাদ দুষ্কৃতীরা জুতো টাঙিয়ে দিয়েছে। এই নিয়ে আমাদের বিজেপি কার্যকর্তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে।"
তিনি বলেন, "এলাকায় তৃণমূলের হার্মাদরা সন্ত্রাস বজায় রাখার চেষ্টা করছে। এখানে হিন্দু-মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূলের হার্মাদ নেতারা।"
তাঁর কথায়, "এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় এই নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। পুলিশ এসে তদন্ত করবে, এই ঘটনা কে ঘটিয়েছে।" আগামীতে এই ধরণের ঘটনা হলে প্রতিবাদ-আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
অন্যদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের অঞ্চল সভাপতি ত্রিদিব পুরকাইত বলেন, সকালে শুনেছি এই বিচ্ছিরি ঘটনাটা ঘটেছে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়। যদি কেউ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিৎ।' তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, "বিজেপি নিজেরাই এটা করে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। কোনও রকম অশান্তি যেন না হয় পুলিশ প্রশাসন এটা দেখবে।"
এদিকে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment