অভিষেককে তীব্র ভর্ৎসনা বিচারপতির, রক্ষাকবচ দিয়েও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 21, 2026

অভিষেককে তীব্র ভর্ৎসনা বিচারপতির, রক্ষাকবচ দিয়েও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

 


কলকাতা: হাইকোর্টে বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল এই মামলর শুনানি। অভিষেকের হয়ে এদিন আদালতে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুরুতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিষেককে। বিচারপতি বলেন, তিনবারের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের, এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কেন? বিচারপতির প্রশ্ন, ভোটের আগে কেন এমন মন্তব্য করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক? 


পাশাপাশি মামলার শুনানিকালে বিচারপতি মন্তব্য করেন, জনসভার ভিডিও ক্লিপিং দেখে স্পষ্টতই বোঝা যায় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে অত্যন্ত আক্রমণাত্মক ও প্ররোচনামূলক ভাষা ব্যবহার করেছিলেন। বিচারপতির প্রশ্ন ছিল, জনপ্রতিনিধিদের মুখ থেকে এ ধরণের ভাষা কোনও ভাবেই কাম্য কি না? বিচারপতির বক্তব্য, "সর্বভারতীয় সম্পাদক এমন মন্তব্য করবেন আর তারপর ৪ মে ফলাফল যদি ভিন্ন হত তাহলে কী হত? কেন সর্বভারতীয় নেতা এমন মন্তব্য করবেন?" কল্যাণ যুক্তি দেন, নির্বাচনের সময় এমন পারদ চড়া থাকে।


বিচারপতির মন্তব্য, "পশ্চিমবঙ্গের ইতিহাস অন্য কথা বলছে। তাঁর কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিৎ। গণতান্ত্রিক দেশে যে কোনও দল জিততে বা হারতে পারে। একজন সাংসদের কি এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছে?"


উল্লেখ্য, বিধাননগরের সাইবার ক্রাইম থানায় রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। নির্বাচনী প্রচারে উসকানিমূলক মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে হুঁশিয়ারি রোধের তোলা হয়। এই এফআইআর খারিজ এবং গ্রেফতারি এড়াতে জরুরি ভিত্তিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।


বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। আবেদন শোনার পর বিচারপতি এই প্রসঙ্গে তৃণমূল সাংসদকে তীব্র ভর্ৎসনা করেছেন ঠিকই। কিন্তু তাঁকে এদিন রক্ষাকবচও দেয় হাইকোর্ট। ৩০ জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রক্ষাকবচ বহাল থাকবে বলে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত; বলা হয়েছে, অভিষেককে তদন্তে নোটিস দিয়ে ডেকে পাঠালে তদন্তে সহযোগিতা করবেন। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। কমপক্ষে ৪৮ ঘন্টা আগে নোটিস দিতে হবে অভিষেককে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। দু'মাস পর অর্থাৎ জুলাইয়ে এই মামলার পরবর্তী শুনানি।

No comments:

Post a Comment

Post Top Ad