হুগলি: গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শনিবার তৃণমূলের অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। সেই অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পিপুলপাতিকে তৃণমূলের অবরোধ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে অসিতের বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অসিত মজুমদার ছাড়া তালিকায় আছেন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাও। চুঁচুড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিক্যালের পরে তোলা হবে আদালতে।
শনিবার সোনারপুরে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম, জুতো, ইটের টুকরো, পাথর। ভিড়ের মধ্যে থেকেই ওঠে 'চোর, চোর' স্লোগান। সময় যত এগোয়, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিষেকের মাথায় পরানো হয় হেলমেট। একের পর কিল-চড়-থাপ্পড় মারা হয় তাঁকে। এই অবস্থায় মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছান অভিষেক। পরবর্তীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন সেই সময়ও আশেপাশে ওঠে চোর চোর স্লোগান।
সেই ঘটনার প্রতিবাদে শনিবার হুগলির পিপুলপাতিতে পথ অবরোধে বসেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। পরবর্তীতে পুলিশ অবরোধকারীদের সরিয়েও দেয়। কিন্তু পুলিশকে বাধা, ধাক্কাধাক্কির অভিযোগে এদিন অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলার রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ ১০ জন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের রবিবারের আদালতে তোলা হবে।

No comments:
Post a Comment