শিলিগুড়ি: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসী, একদম ভালো মানুষ না', শিলিগুড়িতে এসে এভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবী, অভিষেক সব নাটক করছেন। রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপি সাংসদ। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি।
সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রাজনীতি করেছেন এবং সেই অভিনয়টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন 'আমাকে নাটক করার সুযোগ করে দেওয়া হোক'। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা আমার মনে হয় না এই নাটক করার সুযোগটা দেবেন। পুরোটাই একটা নাটক চলছে অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে। কিচ্ছু হয়নি।"
তাঁর কথায়, "আমি বলব বাথরুমে গিয়ে গোবর জলে ভালো করে পরিষ্কার হয়ে যান। তারপর ভালো করে স্নান করে নিন ভালো হয়ে যাবেন।" আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "একটা দল নির্মূল হতে কিছুদিন সময় লাগে। আমি এটুকু বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস কখনও দাঁড়াবে না এবং রাজনীতির বাতাবরণটাই অন্যদিকে চলে যাবে।"
জুনের প্রথমেই ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপি নেতা বলেন, "ইন্ডি-পিন্ডি জোটের কোনও দাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে থাকবেন, সেই ইন্ডি জোটও ভেঙে যাবে।"
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন অভিষেক। এই প্রসঙ্গে তিনি বলেন, "চার তারিখ যদি আমাদের সরকার না হত, তাহলে পাঁচ হাজার যুবক আমরা খুন হয়ে যেতাম। উত্তরবঙ্গে মহিলাদের সম্মান থাকত না। অভিষেক কার কথা বলছেন! ও তো নিজেই চোর। নিজেই একটা ডাকাত, দুষ্কৃতী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসী। একদম ভালো মানুষ না।"
অভিষেককে নিশানা করে তিনি আরও বলেন, "উনি তো ডিজে বাজানোর কথা বলছিলেন। ওনার ডিজে বাজেনি বলে বিজেপি যুব কার্যকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ওর ওপর গোবর জল ফেলতে হত।"
অভিষেককে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি, এই নিয়ে সাংসদের মন্তব্য, "আরে কিছুই হয়নি। আমি বারবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিৎ ছিল গোবর জলে স্নান করে তারপর বাথরুমে শ্যাম্পু-সাবান মাখা।" এই বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা ও স্লোগানের মধ্য দিয়ে সাংসদকে স্বাগত জানান বিজেপি কর্মীরা।

No comments:
Post a Comment