নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিজয় মিছিল থেকে ফেরার পথে বিজেপি কর্মীর ওপরে হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রতন রবিদাস। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা, দাবী তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের।
জানা গিয়েছে, কোচবিহার ডাওয়াগুড়ি এলাকার আমবাড়ি ভোজনপুর এলাকায় রবিবার বিকেলে বিজেপি কর্মীদের বিজয় মিছিল হয়। অভিযোগ, বিজয় মিছিল থেকে ফেরার সময় ওই বিজেপি কর্মীর ওপরে চড়াও হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী ও তাঁর দলবল। তাঁকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর জখম হন তিনি। তাঁর ঘাড়ে-কোমরে চোট লেগেছে। বর্তমানে তিনি জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবার ও প্রতিবেশীর অভিযোগ, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে।
আক্রান্ত বিজেপি কর্মী বলেন, 'বাড়ি ফেরার পথে আমাকে মেরেছে। আমার বন্ধুবান্ধবরা আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি।' আক্রান্তের দাদা লালবাহাদুর জানান, আগেও একবার ঝগড়াঝাঁটি হয়েছিল। এদিন আবার এই হামলা। অভিযুক্তরা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী ও তাঁর দলবল।
এদিকে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় জানান, এই ধরণের ঘটনা কাম্য নয়। আর এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়। পার্থ প্রতিম রায় বলেন, "এ ধরণের ঘটনা অনভিপ্রেত। যিনি আহত হয়েছেন তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু তৃণমূল আক্রমণ করেছে এটা বিশ্বাসযোগ্য ঘটনা নয়। কারণ তৃণমূল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী, তাঁরা এই মুহূর্তে বেশিরভাগই বাইরে নাহলে বাড়িতেই তাঁরা রয়েছেন। স্বাভাবিক ভাবে তাঁদের পক্ষে বিজেপির বিজয় মিছিলে এভাবে আক্রমণ করার কথা কেউ বিশ্বাস করবে না।"
তিনি বলেন, "কেউ কেউ ফাঁদ পাতার চেষ্টা করছে, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে কেন এই আক্রমণ হয়েছে। এই ধরণের ঘটনা কখনই কাঙ্ক্ষিত নয়।"

No comments:
Post a Comment