শিলিগুড়ি: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের বিজেপি কর্মী তথা আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়ের। সাইবার থানায় দায়ের করা এই অভিযোগে মূলত দুটি ঘটনার উল্লেখ করা হয়েছে-২০২৫ সালের ঈদের অনুষ্ঠানে করা মন্তব্য এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধর্নামঞ্চ থেকে দেওয়া ভাষণ।
জানা যায়, গত ২০ মে তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় ২৫ মে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানা। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(১), ৩৫২, ৩৫৩(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। রিঙ্কির অভিযোগ, ২০২৫ সালে ঈদের অনুষ্ঠান থেকে তিনি যে মন্তব্য করেছিলেন, তা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার মতো কথা। তাঁর বক্তব্য, তিনি ওই সময় প্রধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়।
এরপর ২০২৬ সালের নির্বাচনের প্রাক্কালে ধর্নামঞ্চ থেকে মমতার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। রিঙ্কি চট্টোপাধ্যায়ের অভিযোগ, ২০২৫ সালে রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই সময় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে তিনি উল্টে হেনস্তার শিকার হয়েছিলেন বলে দাবী করেছেন। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে রিঙ্কি চট্টোপাধ্যায় এবার সাইবার থানার দ্বারস্থ হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তিনি বলেন, "আইনত যে ব্যবস্থা নেওয়া সম্ভব, আমি তার অপেক্ষায় রয়েছি।”
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দার্জিলিং জেলা তৃণমূল নেতা তথা আইনজীবী অত্রি শর্মার মন্তব্যে আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে। দলের মুখপাত্র হিসেবে সরাসরি আক্রমণ না করলেও, তিনি পরোক্ষভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন। অত্রি শর্মা বলেন, “ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য করা উচিৎ হয়নি। আমরা যারা সেই সময় থেকে আজও দলে আছি, তারাও বিষয়টি সমর্থন করিনি।”
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।


No comments:
Post a Comment