কলকাতা: ছাব্বিশের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের হারের পর একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক নেতা-নেত্রী। তারকা বিধায়ক-সাংসদদের তো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার গোঁসা করে পদ ছাড়ছেন, দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন। এই আবহেই হাতে কলম তুলে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন কবিতা 'গিরগিটি'।
রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই নিয়ে তিনবার কবিতা লিখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় কবিতায় নিশানায় যে বিজেপি ছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। সেইসময় উঠে এসেছিল বুলডোজার প্রসঙ্গ। আর এবারে নতুন কবিতার অক্ষরে অক্ষরে যেন ঝরে পড়ছে রাগ-অভিমান। যাঁদের নিয়ে এতদিল দল চালিয়েছেন, যাঁদের সৈনিক হিসেবে সামনে রেখেছেন, তাঁদেরই কী ‘গিরগিটি’ বললেন মমতা? বুধবার সন্ধ্যায় যে কবিতা তিনি সমাজমাধ্যমে পোস্ট করেছেন, তাতে কিন্তু এমনই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
গিরগিটি’ শিরোনামে লেখা ওই কবিতা সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রথম লাইনেই লেখা, ‘গিরগিটির থেকেও ভয়ঙ্কর।’ কবিতার ছত্রে ছত্রে তাঁদেরই বার্তা দেওয়া হয়েছে, যাঁরা ঘন্টায় ঘন্টায় ভোল বদলায়। এমনকি কেউ কেউ টাকা নিয়ে ভোলবদল করছেন, এমন ভাবনাও জায়গা পেয়েছে তাঁর লেখনিতে। কবিতায় তিনি লিখছেন, ‘আর কত নেবে চরিত্র বদলাতে? আর কত চাও? নিজেদের ভোল বদলাতে?’ পরপর নেতাদের বিস্ফোরক মন্তব্য, পদ ছাড়ার হিড়িক দেখেই কি এই কবিতা লিখলেন মমতা! বিভিন্ন মহলেই চলছে এই আলোচনা।
ইতিমধ্যেই দলের সব পদ ছেড়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বরো চেয়ারম্যান পদে আজ, বুধবারই ইস্তফা দিয়েছেন দীর্ঘদিনের নেতা তথা মেয়র পারিষদ সুশান্ত ঘোষ। পুরসভায় গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীও। যে নেতাকে গত কয়েক বছর ধরে সংবাদমাধ্যমে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে, সেই নেতার গলাতেই আজ দলের তীব্র সমালোচনা শোনা গিয়েছে। তাই কি এই অভিমান দলনেত্রীর!
তবে, কবিতার শেষে সতর্কও করেছেন মমতা। একদিন যে ফল পেতেই হবে, সেই বার্তা দিয়েছেন তিনি। ‘ফল পাবে, ধৈর্য ধর, শীঘ্রই উত্তর পাবে’। 'বিশ্বাসঘাতকরা মূল্যহীন অমনুষ্যত্ব', লিখেছেন মমতা। এর আগে তিনি 'দখল' নামে একটি কবিতা লিখেছিলেন। তাতে মূলত বুলডোজার, অত্যাচারের কথা উল্লেখ করেন মমতা। প্রশ্ন তোলেন, ‘শতশত গ্রেফতার কেন? মানুষ কেন আতঙ্কিত?’ আর এবারে রঙ বদলানোদের উদ্দেশ্যেই যেন হাতে কলম তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো।
কিন্তু ২০১১ সালে তো মমতার হাত ধরেই দল বদলানোর রীতি শুরু হয়েছিল। তাহলে ছাব্বিশে এই অভিমান কেন? এই প্রশ্নও তুলছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

No comments:
Post a Comment