নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: রাজ্য জুড়ে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জেলায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। এরই মাঝে ঝাড়গ্রাম জেলায় অবৈধ বালি পাচারের অভিযোগে বড়সড় পদক্ষেপ করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ভান্ডারডিহা এলাকায় ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই একটি ট্রাক্টর। শনিবারেই ধৃতকে আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডলের নেতৃত্বে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের সময় ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টর আটক করা হয়। ট্রাক্টরটিতে তখন বালি বোঝাই ছিল বলে জানা গিয়েছে। ট্রাক্টর চালকের কাছে বৈধ কোনও কাগজপত্র অর্থাৎ বালি তোলার অনুমতি পত্র (সিও) না থাকায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ট্রাক্টর চালকের নাম উজ্জ্বল দণ্ডপাট, বয়স ৪৮ বছর। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার অন্তর্গত রামপুরা গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শনিবার ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়। আদালতে শুনানির পর বিচারক জামিনের শর্তে অভিযুক্তকে মুক্তি দেন। প্রশাসন সূত্রে খবর, অবৈধ বালি উত্তোলন ও পাচার রোধে আগামী দিনেও পুলিশের অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment