কলকাতা: 'এ পুরনো অভ্যাস ওনার, তারপর লাইনে এসে যান। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। খড়গপুরে মর্নিং ওয়াকের পাশাপাশি এদিন থানায় ঢুকে পুলিশকে মিষ্টি মুখ করান দিলীপ ঘোষ। তাঁর হাতে ছিল পদ্মফুল।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস ও মমতাকে একের পর এক কটাক্ষ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে সোমবারেই মমতা জানিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না।এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "দু-এক দিনের মধ্যে ক্ষমতার নেশা চলে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবেন। এ পুরনো অভ্যাস ওনার, তারপর লাইনে এসে যান।"
দিলীপের খোঁচা, "জনতা গলা ধাক্কা দিয়েছেন, এখন কোথায় থাকবেন! অবসরের বয়স এসে গেছে, জনতা বলছেন সন্ন্যাসে যান, সংখ্যাগরিষ্ঠতা এসে গেছে, উনি তার বিরুদ্ধে যাবেন। উনি আদালতের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন জনতার বিরুদ্ধেও যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি। এখানকার ভোটারদের বিশ্বাস করেননি তাই ফলস ভোট দিতেন। পুলিশকে নিজের দলের লোককে বিশ্বাস করতেন না। এখন জনতা ওনাকে বিশ্বাস করেননি আর।"
মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। তার একদম জীবন্ত নমুনা।" দিলীপ ঘোষ বলেন, "এটা আজ নয়, দু'বছর আগে আমি বলেছি। ট্রাম্প যেদিন নাটক করছিলেন যে, 'আমি ছাড়ব না, হারিনি'। লোকজনকে রাস্তায় নামিয়েছিলেন। সেদিন আমি বলেছিলাম, আমাদের এখানে শাড়ি পরা ট্রাম্প আছেন। ইনি হারলেও ক্ষমতা ছাড়বেন না, দেখুন এটা ঠিক হয়েছে। আর ওনার মত এনাকেও যেতে হবে।"
উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজভবনে যাবেন কিনা প্রশ্ন করা হলে মমতা বলেন, "কেন? কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি পদত্যাগ করতাম। এখন তো প্রশ্নই ওঠে না।" তাঁর সংযোজন,"জোর করে দখল করে কেউ যদি মনে করে আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে। না, সেটা হবে না", তিনি আরও বলেন, "আমরা নির্বাচনে হারিনি। এটা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা আমাদের হারানোর। নৈতিক ভাবে আমরাই নির্বাচনে জিতেছি।" বিজেপি ১০০ আসন লুট করেছে, বলেও অভিযোগ করেন মমতা।

No comments:
Post a Comment