কলকাতা: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে পুলিশ। রবিবার দুপুরে বিধায়কের কামারহাটির বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চলে। প্রথমে বাড়িটি তালাবন্ধ থাকলেও পরে পুলিশ ওই বাড়িতে ঢুকতে পারে। কিন্তু কী কারণে এই পুলিশি হানা?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বাড়িটির নাম উদয় ভিলা। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, যে জমির ওপর বাড়িটি রয়েছে, সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। স্থানীয় সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ওই জায়গায় মহিলাদের স্বনির্ভর করার বিভিন্ন কাজ শেখানো হয়। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর থেকেই ওই জায়গা দখল হয়ে যায়। ওই জায়গায় বেআইনি কাজকর্ম হত বলেও অভিযোগ উঠেছে। কিন্তু কীভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়িটি তৈরি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এই বাড়িতে মাঝেমধ্যে থাকেন মদন। তবে তিনি এই বাড়ির মালিক কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ঘন্টাখানেকের তল্লাশির পর কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই একাধিক দুর্নীতি, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন। এসবের মাঝেই আবার বিধানসভার সই কেলেঙ্কারি কাণ্ড। পুলিশ এই নিয়ে তদন্তও শুরু করেছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে সিআইডি আধিকারিকরা তদন্তে হাজির হয়েছেন। এমনকি, সোমবার এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ভবানী ভবনে তলব হয়েছে। সেই আবহে এবার কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।

No comments:
Post a Comment