উত্তর ২৪ পরগনা: রাজ্যে পালাবদলের পর থেকেই দিকে দিকে সামনে আসছে তৃণমূল নেতাদের নানান কীর্তি। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল নেতার পাটক্ষেত থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। এবার সেই উত্তর ২৪ পরগনাতেই আরও এক তৃণমূল নেতার জমিতেই খোঁজ মিলল অস্ত্র ভাণ্ডারের। শুক্রবার মছলন্দপুরে ওই তৃণমূল নেতার জমিতে তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ বাজেয়াপ্ত করল পুলিশ। কীসের জন্য ওই অস্ত্র জমিতে লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে দিন তিনেক আগেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। আর তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই অস্ত্র ভাণ্ডারের হদিশ পায় পুলিশ। এদিন বিকেলে মছলন্দপুরের শক্তিনগর এলাকায় সুজিত সাহার ওই জমিতে তল্লাশি চালায় গোবরডাঙা থানার পুলিশ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন দুই ভাই অজিত-সুজিতকেও সঙ্গে নিয়ে এসেছিল পুলিশ। সুজিতের জমিটি প্রাচীর দিয়ে ঘেরা। আগাছায় ভরা। সেই জমিরই এক প্রান্তে দেখা যায়, গাছের শুকনো ডাল, আগাছা দিয়ে কোনও কিছু চাপা দেওয়া রয়েছে। আগাছা সরাতেই দেখা যায়, পলিথিন দিয়ে কিছু মোড়ানো রয়েছে। প্রথমে সাদা পলিথিন। তারপর কালো পলিথিন। সেগুলো সরাতেই একটি ব্যাগ দেখতে পাওয়া যায়। আর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগের মধ্যে অস্ত্র ভরা। তিনটি দোনালা বন্দুক-সহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ। পাশে দাঁড়িয়ে থেকে তা দেখছিলেন অজিত ও সুজিত। কেন এই অস্ত্র মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়ে কাঁটা স্থানীয়রাও। তাঁদের দাবী, ওদের ভয়ে মুখ খুলতেন না কেউ। এখানে অস্ত্র রাখা ছিল, সেটাও কেউ আশা করেননি। রীতিমতো আতঙ্কিত তাঁরা।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ও তাঁর ভাইকে মঙ্গলবার মছলন্দপুরের বাড়ি থেকে গ্ৰেফতার করে পুলিশ। উদ্ধার হয় বিপুল কার্তুজ-নগদ ও বিদেশি মদ। একুশের ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা (৬৭) এবং তাঁর ভাই তথা জমি ব্যবসায়ী সুজিত কুমার সাহা (৬২)-কে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এদিন এই অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল পুলিশ।

No comments:
Post a Comment