ভোট পরবর্তী হিংসায় 'উস্কানি', পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 21, 2026

ভোট পরবর্তী হিংসায় 'উস্কানি', পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


কলকাতা: ভোট পরবর্তী হিংসায় 'উস্কানি', অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দু'জনের বিরুদ্ধেই দ্রুত তদন্তের দাবী জানিয়েছেন অভিযোগকারী তথা আইনজীবী জয়দীপ সেন। 


অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের ২রা মে বিকেল প্রায় ৪টা নাগাদ তৃণমূল কংগ্রেস যখন জাদু সংখ্যা ছুঁয়ে ফেলে, তখন পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।' এর কিছুক্ষণ পর স্বস্তিকা মুখোপাধ্যায় সেই পোস্টের উত্তরে লেখেন, 'হাহাহা হোক হোক।' অভিযোগকারীর দাবী, নির্বাচনের ফল ঘোষণার মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরণের মন্তব্য প্রভাবশালী ব্যক্তিত্বদের তরফে হিংসা উস্কে দেওয়ার সামিল।



অভিযোগে আরও বলা হয়েছে, ওই পোস্টের প্রায় এক ঘন্টা পর বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোেগ, মারধর, শ্লীলতাহানি এবং তোলাবাজির মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পরে আদালতও নজর দেয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।


অভিযোগকারী আরও দাবী করেন, অভিনেতা-অভিনেত্রীর এই ধরণের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) কার্যকর হলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাকালের নিরিখে তৎকালীন আইপিসির ধারাই প্রযোজ্য। সেই কারণে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদন করা হয়েছে। 


এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে, পরমব্রত বা স্বস্তিকার প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।

No comments:

Post a Comment

Post Top Ad