কলকাতা: রবির তেজ রীতিমতো নাকানিচুবানি খাওয়াচ্ছে রাজ্যবাসীকে। দক্ষিণে দহন জ্বালা থেকে মিলছে না রেহাই। এই আবহেই সামান্য স্বস্তির কথা শোনালো হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দু'এক পশলা বৃষ্টিও হতে পারে এদিন। এছাড়াও বুধবার ঝেঁপে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার বড়োসড়ো বদল আসতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এদিন জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার বেশ কয়েক জায়গায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এদিন শহরের কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এর জেরে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে। তবে অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবারের পর থেকে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

No comments:
Post a Comment